“অক্সফোর্ডে বাম-রাম গিয়ে প্রশ্ন করেছিল আপনি হিন্দু?”- আমি বললাম…’!- জবাবে কি বললেন মমতা?

রেড রোডে ঈদ-উল-ফিতরের বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সম্প্রতি অক্সফোর্ডে তাঁর বক্তৃতা চলাকালীন বিক্ষোভের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি বিক্ষোভকারীদের বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই ইউকে-র সদস্য বলে উল্লেখ করেন এবং এই ঘটনার সঙ্গে বাংলার বামেদের যোগসাজশ ছিল বলেও দাবি করেন।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “বাম-রাম মিলে কলকাতা থেকে টিকিট কেটে গিয়েছিল। আমাকে প্রশ্ন করল আর ইউ হিন্দু? সগর্বে বললাম আমি হিন্দু, আমি মুসলমান, আমি শিখ, আমি খ্রিষ্টান, আমি ভারতীয়, হোয়াট ক্যান ইউ ডু?” মুখ্যমন্ত্রীর এই কথা শেষ হতেই রেড রোড চত্বরে উপস্থিত সকলে করতালি দিয়ে তাঁকে সমর্থন জানান।

তিনি আরও বলেন, “এরা ডিভাইড অ্যান্ড রুল চায়। আমি চাই না। আমি দেশের জন্য জীবন উৎসর্গ করেছি। এর পাশাপাশি সমস্ত ধর্ম, জাতি, পরিবার, সম্প্রদায়ের জন্যও আমি নিবেদিত। আপনারা ভাল থাকলেই আমি ভাল থাকব।”

মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় উপস্থিত মুসলিম সমাজের উদ্দেশ্যে কোনওরকম প্ররোচনায় পা না দেওয়ার বিষয়েও সতর্ক করেন। তিনি বলেন, “একটা কথা মাথায় রাখবেন, দিদি আপনার পাশে আছে… খারাপ লাগলে তা হৃদয়ে রাখুন, সময় মতো জবাব দেওয়া হবে। কিন্তু তাদের টাচ করবেন না, টাচ করা হলে তাদের গুরুত্ব দেওয়া হয়ে যাবে।”

সাম্প্রতিককালে বিজেপির পক্ষ থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি ওঠার প্রসঙ্গেও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ওরা বলে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি কর, আমি বলি তুমি উত্তরপ্রদেশ এবং মণিপুরে কী করেছ?”

এদিনের রেড রোডের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একদিকে যেমন তিনি অক্সফোর্ডের বিক্ষোভের নেপথ্যের ষড়যন্ত্রের অভিযোগ তুললেন, তেমনই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলা বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করলেন। একইসঙ্গে তিনি রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।