হোটেল-রেস্তরাঁয় টিপস ও সার্ভিস চার্জ কি বাধ্যতামূলক? বড় নির্দেশ দিল হাইকোর্ট

হোটেল বা রেস্তরাঁয় খাবার পর বিল মেটানোর সময় অনেকেই খুশি হয়ে টিপস দিয়ে থাকেন, আবার কেউ কেউ তা দিতে চান না। অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে কর্মীরা টিপসের জন্য গ্রাহকদের উপর চাপ সৃষ্টি করেন। তবে এই বিষয়ে এবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিল, হোটেল-রেস্তরাঁয় সার্ভিস চার্জ বা টিপস কোনওভাবেই বাধ্যতামূলক নয়।

দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ, গ্রাহকের ইচ্ছার উপর নির্ভর করে টিপস দেওয়া বা না দেওয়া। কোনও হোটেল-রেস্তরাঁ এ বিষয়ে জোর করতে পারে না। বিচারপতি প্রতিভা এম সিং বলেন, “সার্ভিস চার্জ বা টিপস সম্পূর্ণ গ্রাহকের স্বেচ্ছায় হওয়া উচিত। এটি বাধ্যতামূলক করার কোনও অধিকার হোটেল-রেস্তরাঁগুলির নেই।”

প্রসঙ্গত, ২০২২ সালে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) নির্দেশিকা জারি করে জানিয়েছিল, খাবারের বিলে হোটেল-রেস্তরাঁ স্বেচ্ছাচারীভাবে সার্ভিস চার্জ বসাতে পারবে না। এই নির্দেশিকার বিরোধিতা করে ফেডারেশন অব হোটেলস, রেস্তরাঁ অ্যাসোসিয়েশনস অব ইন্ডিয়া (FHRAI) এবং ন্যাশনাল রেস্তরাঁ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (NRAI) আদালতে আবেদন করেছিল।

তবে দিল্লি হাইকোর্ট এই নির্দেশিকা বহাল রেখেছে। পাশাপাশি, দুটি সংগঠনকে এক লক্ষ টাকা করে জরিমানাও করেছে আদালত। সংগঠনগুলি জানিয়েছে, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে।