অবাক করা কান্ড উত্তরপ্রদেশে”, নিজের প্রাণের ঝুঁকি কমাতে স্ত্রীকে বিয়ে দিলেন গোপন প্রেমিকের সঙ্গে

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সন্ত কবীর নগরে (Sant Kabir Nagar) ঘটল এক অবাক করা ঘটনা। নিজের প্রাণের ঝুঁকি কমাতে স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন এক ব্যক্তি! সাম্প্রতিক কিছু নৃশংস হত্যাকাণ্ডের খবর দেখে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
স্ত্রীর পরকীয়ার রহস্য ফাঁস
বাবলু নামের ওই ব্যক্তি ২০১৭ সালে গোরক্ষপুর জেলার মেয়ে রাধিকাকে (Radhika) বিয়ে করেছিলেন। তাঁদের দুই সন্তানও রয়েছে। বাবলু কাজের জন্য অন্য রাজ্যে থাকতেন। তবে কিছুদিন আগে তিনি জানতে পারেন, তাঁর স্ত্রী রাধিকার সঙ্গে তাঁদেরই গ্রামের যুবক বিকাশের সম্পর্ক রয়েছে, যা প্রায় ১৮ মাস ধরে চলছে। সন্দেহ হওয়ার পর চুপিচুপি গ্রামে ফিরে আসেন বাবলু এবং সত্যতা যাচাই করতে থাকেন।
অপ্রত্যাশিত সিদ্ধান্ত
যখন নিশ্চিত হন যে রাধিকা সত্যিই বিকাশকে ভালোবাসেন, তখন তিনি কোনও ঝগড়া বা হিংসায় না জড়িয়ে গ্রামের প্রবীণদের কাছে এই বিষয়টি জানান। এরপর তিনি নিজের স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। গ্রামবাসীদের উপস্থিতিতে এক শিব মন্দিরে রাধিকার সঙ্গে বিকাশের বিয়ে দেন বাবলু নিজেই। শুধু তাই নয়, এই বিয়ে আইনসিদ্ধ করতে আদালতে নথিভুক্তও করান তিনি এবং নিজে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।
কেন এমন সিদ্ধান্ত?
বাবলু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সম্প্রতি মীরাট ও অউরাইয়ায় (Meerut & Auraiya) স্বামীদের খুন করার যে ঘটনা ঘটেছে, তাতে আতঙ্কিত হয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। নিজের প্রাণ বাঁচাতে এবং যাতে ভবিষ্যতে কোনও সংঘাত না হয়, তাই আমি স্বেচ্ছায় এই বিয়ে দিয়েছি।”
আইনসিদ্ধ কি এই বিয়ে?
আইন নিয়ে প্রশ্ন উঠলেও বাবলু জানিয়েছেন, যেহেতু এই বিয়েতে উভয় পরিবার এবং গ্রামের প্রবীণরা উপস্থিত ছিলেন এবং কেউ আপত্তি তোলেননি, তাই এটি বৈধ বলে বিবেচিত হবে। যদিও রাধিকা ও বাবলুর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি, তবে গ্রামবাসীদের মতামত অনুযায়ী, তাঁদের বৈবাহিক সম্পর্ক শেষ বলে ধরা হচ্ছে।
এই বিরল ঘটনায় অবাক গ্রামবাসীরাও। কেউ কেউ বাবলুর এই সিদ্ধান্তকে প্রশংসা করেছেন, আবার কেউ মনে করছেন, আইনত বিচ্ছেদ না হওয়া পর্যন্ত নতুন বিয়ে প্রশ্নের মুখে পড়তে পারে। তবে বাবলুর কথায়, “আমরা দুজনেই এখন থেকে শান্তিতে জীবন কাটাতে পারব।”