“বড় পোকা, মথ, টিকটিকি.. টানা ১৬ দিন ঘুমাইনি”- জেলে থাকার অভিজ্ঞতা শেয়ার করলেন তেলাঙ্গানার CM

তেলাঙ্গানার বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ২০২০ সালে তাঁর ১৬ দিনের জেলবন্দি থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি অভিযোগ করেন, এক সামান্য মামলায় মাত্র ৫০০ টাকা জরিমানার কথা থাকলেও তাঁকে দীর্ঘ সময় কারাবন্দি রাখা হয়েছিল। এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ড্রোন ওড়ানোর অভিযোগেই তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছিল।
চেরাপল্লি জেলে কাটানো সেই ১৬ দিনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বিধানসভায় রেবন্ত রেড্ডি বলেন, “জেলে বিশাল বড় টিকটিকি, মথ আর বড় বড় পোকায় ভর্তি ছিল সিলিং। অন্তত ৩০-৪০টি পোকা ঝুলছিল টিউবলাইটে। কনস্টেবল বলেছিলেন, আলো বন্ধ করার অনুমতি নেই। ফলে, টানা ১৬ দিন ঘুমোতে পারিনি। সবাই ঘুম থেকে উঠলে, বাইরে বেরিয়ে গাছতলায় গিয়ে ঘুমাতাম।”
রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনে তিনি আরও বলেন, “যে সেল সাধারণত আইএসআই বা নকশাল চরমপন্থীদের জন্য বরাদ্দ, সেখানেই আমাকে, একজন সংসদ সদস্যকে, ১৬ রাত কাটাতে বাধ্য করা হয়েছিল। আমার মেয়ের বিয়ের কার্ড বিতরণ করতেও ছাড় দেওয়া হয়নি। এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নয়?” তবে তিনি প্রতিশোধমূলক রাজনীতি করবেন না বলেও স্পষ্ট জানান, “আমি চাইলে তোমার পুরো পরিবার চেরাপল্লি জেলে থাকত, কিন্তু আমি তা করিনি। মানুষ আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য জনাদেশ দেয়নি।”
তাঁর এই মন্তব্যের জবাবে তেলাঙ্গানার প্রাক্তন প্রতিমন্ত্রী ও বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের ছেলে কেটি রামা রাও বিধানসভায় বলেন, “আমিও আন্দোলনের সময় ওয়ারঙ্গল জেলে গিয়েছিলাম। কিন্তু ভাবুন তো, যদি কেউ আপনার জুবিলি হিলসের বাড়ির উপর ড্রোন ওড়ায়, আর সেখানে আপনার স্ত্রী বা সন্তান থাকে, তখন আপনার কেমন লাগবে?”
এই বিতর্কিত মন্তব্যের পর রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।