দুবরাজপুরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি”, সিঙারার চাটনি না দেওয়ায় কর্মচারীর গালে বসালেন চড়

সিঙারার সঙ্গে অতিরিক্ত চাটনি না দেওয়াকে কেন্দ্র করে বীরভূমের দুবরাজপুরে এক দোকানের কর্মচারীকে চড় মারার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিনের বিরুদ্ধে। দোকানের মালিক বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনা কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
কি ঘটেছিল?
বৃহস্পতিবার সন্ধ্যায় দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন পাহারেশ্বর মোড়ের একটি দোকানে সিঙারা কিনতে যান। তিনি তিনটি সিঙারা নেন এবং দোকানের কর্মচারী একটি প্লেটে চাটনি দেন। অভিযোগ, তিনি দুটি প্লেট চাটনি দাবি করলে কর্মচারী তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে কাউন্সিলর সপাটে চড় মারেন কর্মচারীকে। দোকান মালিক প্রতিবাদ করলে তাকেও ধাক্কা দেওয়া হয়।
প্রতিবাদে অবরোধ
এই ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং দুবরাজপুর থানার মাত্র ২০০ মিটার দূরে জাতীয় সড়ক অবরোধ করেন। যদিও রাতেই প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ উঠে যায়।
আগেও বিতর্কে জড়িয়েছেন কাউন্সিলর
শেখ নাজিরউদ্দিনের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। হাসপাতালে ঢুকে পুলিশের গায়ে হাত তোলা, মহিলা নার্সের শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি থানায় অভিযোগ দায়ের হলেও কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।
প্রশাসনের পদক্ষেপ
এই ঘটনার পর তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, অভিযুক্ত কাউন্সিলরকে সদাইপুর থানার পুলিশ আটক করেছে। এখন দেখার বিষয়, তার বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নেয়।