ইউনূসকে চিঠি মোদীর, মনে করিয়ে দিলেন ‘মুক্তিযুদ্ধের’ কথা, আর কী কী লিখলেন প্রধানমন্ত্রী?

বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বার্তা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে মহম্মদ ইউনূসকে চিঠিও লিখেছেন তিনি, যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, অথচ সেখানে একবারও উল্লেখ নেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের! অথচ যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশের মুক্তির জন্য। এই বিষয়টি নিয়ে অনেক বিতর্ক তৈরি হলেও, ভারত কিন্তু প্রতিবেশী দেশ বাংলাদেশকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাতে ভোলেনি।

বাংলাদেশে ভারতের হাই কমিশনের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চিঠিটি প্রকাশ করা হয়েছে। চিঠিতে তিনি লিখেছেন,“এই দিনটি আমাদের দুই দেশের ইতিহাস ও ত্যাগের সাক্ষী। যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত গড়ে তুলেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সব সময় আমাদের সম্পর্কের পথপ্রদর্শক হয়ে থাকবে। আমরা দুই দেশ মিলে এই সম্পর্ক আরও দৃঢ় করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক কিছুটা জটিল হয়ে উঠেছে। দুই দেশই এই বিষয়ে উদ্বিগ্ন। তবে এই পরিস্থিতির মধ্যেই শান্তি ও স্থিতিশীলতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি চিঠিতে স্পষ্ট করেছেন,“শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্য নিয়ে আমাদের অংশীদারি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও লেখেন,“বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা দুই দেশের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে থাকবে।”

প্রধানমন্ত্রীর এই বার্তায় স্পষ্ট, দুই দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন থাকলেও, ভারত বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব বজায় রাখতে আগ্রহী।