হেলমেট না পরে বাইক চালাচ্ছিলেন যুবক, জরিমানা এলো ১০,০০,৫০ টাকা, হতভম্ব কলেজ ছাত্র!

নতুন বাইক হাতে পেয়েছে এক কলেজ পড়ুয়া। তবে আনন্দের মধ্যেই ঘটে গেল চরম অস্বস্তিকর ঘটনা। একদিন বাড়ি থেকে বের হওয়ার সময় হেলমেট পরতে ভুলে গিয়েছিল সে। সেটাই নজর এড়ায়নি পুলিশের। সঙ্গে সঙ্গেই হেলমেট না পরার জন্য জরিমানা করা হয়।

এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু পরে যখন ওই যুবকের বাড়িতে চালান এসে পৌঁছল, তা দেখে গোটা পরিবারের মাথায় হাত! চালানে জরিমানার অঙ্ক লেখা ১০,০০,৫০ টাকা! অর্থাৎ, ১ লক্ষ ৫০ টাকা জরিমানা।

সাধারণত হেলমেট না পরে বাইক চালালে ৫০০ টাকা জরিমানা হয়। অথচ অনিল হাদিয়া নামের ওই যুবকের চালানে জরিমানা দেখানো হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। বিষয়টি দেখে হতবাক অনিল। তাঁর প্রশ্ন, “কীভাবে এত টাকা জরিমানা হতে পারে? বাবা একজন ছোট ব্যবসায়ী, এত টাকা দেব কীভাবে?”

অনিল গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা। এই ঘটনাটি ঘটে গত বছর এপ্রিল মাসে, যখন সে হেলমেট ছাড়াই বাইক নিয়ে বেরিয়েছিল। তবে চালান আসতে অনেক দেরি হয়ে যায়। দীর্ঘ প্রায় এক বছর বাদে, বাড়িতে চালান এসে পৌঁছয়, যাতে বিশাল জরিমানা দেখানো হয়।

জরিমানার অঙ্ক দেখে হতভম্ব অনিল বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন। তিনি মেট্রোপলিটন কোর্ট এবং পুলিশ কমিশনারের অফিসে অভিযোগ জানান। এরপর পুলিশ নিজেদের ভুল স্বীকার করে।

পুলিশ কমিশনার জানান, “৯০ দিন বাদে আদালতে চালান পাঠানোর সময় নিশ্চয়ই কোনও ভুল হয়েছে। আমরা আদালতকে জানাব এবং এটি ঠিক করা হবে।”

অবশেষে নিশ্চিত হওয়া গেছে, এটি শুধুমাত্র একটি প্রযুক্তিগত ভুল। তবে এই ঘটনায় অনিল এবং তার পরিবার দারুণ ভয় পেয়ে গিয়েছিলেন!