“অস্ত্র হাতে বেরবো, কেউ বাধা দিলে তাদের ছুড়ে ফেলবো”- রামনবমী নিয়ে হুঁশিয়ারি দিলীপের

রাজ্যে রামনবমী উদযাপন নিয়ে পুলিশি বিধিনিষেধকে তীব্র চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে নিউ টাউনের ইকো পার্কে মর্নিং ওয়াকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, হিন্দুদের উৎসবে বাধা দেওয়ার অধিকার পুলিশের নেই, আর কেউ যদি বাধা দেয়, তাকে ছুড়ে ফেলা হবে।
দিলীপ ঘোষ বলেন, “রামনবমী পালন করা সমস্ত হিন্দুর অধিকার। পুলিশ যদি বাধা দেয়, তাহলে সারা দিন থানা ঘেরাও করে রাখুন। হিন্দুদের উৎসব শান্তিপূর্ণভাবে হওয়া নিশ্চিত করা সরকারের ও পুলিশের দায়িত্ব।”
এর পাশাপাশি তিনি বলেন, “আমরা অস্ত্র নিয়েই বেরোব। খড়গপুরের ট্রাডিশন আছে, আখড়া বেরোবে, তাতে অস্ত্রও থাকবে। এটা আমাদের ঐতিহ্য। ব্রিটিশরা পারেনি, পাঠানরা পারেনি, আর যদি কেউ বন্ধ করতে চায়, তাহলে তাদের ছুড়ে ফেলা হবে।”
আগামী ৬ এপ্রিল রামনবমী উপলক্ষে বিভিন্ন হিন্দু সংগঠন পথে নামতে চলেছে। তাদের মধ্যে অনেকেই অস্ত্রমিছিল করার কথা ঘোষণা করেছে। বিজেপির দাবি, রাজ্যের একাধিক জায়গায় রামনবমীর মিছিলে পুলিশ বিধিনিষেধ চাপিয়েছে। তবে দিলীপ ঘোষের হুঁশিয়ারি, রামনবমীতে বাধা দিলে তা বরদাস্ত করা হবে না।
দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোড়ন শুরু হয়েছে। প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা নিয়ে এখন কৌতূহলী রাজ্যের রাজনৈতিক মহল।