“তোমার সব ব্যক্তিগত ছবি রয়েছে”- গোপন ছবি ফাঁসের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছেন অভিনেত্রী

ইরানি অভিনেত্রী এলনাজ নরৌজি সম্প্রতি সাইবার জালিয়াতির কবলে পড়েছেন। তাঁর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন এক অজ্ঞাত ব্যক্তি। এই ঘটনায় বাধ্য হয়ে অভিনেত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার সূত্রপাত গত ১৮ জানুয়ারি। এলনাজের ই-মেইল ইনবক্সে একটি সন্দেহজনক মেইল আসে। মেইলটির সাবজেক্ট লাইনে তাঁর ব্যক্তিগত পাসওয়ার্ড দেখে কৌতূহলী হয়ে তিনি সেটি খোলেন। এরপর থেকেই শুরু হয় তাঁর দুঃস্বপ্ন। অভিনেত্রী জানান, “এ ধরনের মেইলে আমরা সাধারণত ক্লিক করি না। কিন্তু সাবজেক্ট লাইনে আমার পাসওয়ার্ড দেখে মেইলটি খুলে দেখি। সেখানে আমার ব্যক্তিগত ছবি সংযুক্ত ছিল।”
মেইলে লেখা ছিল, “আমার কাছে তোমার সব ব্যক্তিগত ছবি আছে। এগুলো যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য দ্রুত আমাকে উত্তর দাও। নইলে পরবর্তী মেইলে একটি লিঙ্ক পাঠাব, যেখানে ক্লিক করলে দেখবে সব ছবি ফাঁস হয়ে গেছে।” এই হুমকির পর এলনাজ তৎক্ষণাৎ সাইবার অপরাধ দমন শাখার দ্বারস্থ হন এবং পুরো ঘটনার বিস্তারিত জানিয়ে অভিযোগ দায়ের করেন।
তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
সাইবার অপরাধ দমন বিভাগের তদন্তে জানা গেছে, মেইলটি একটি সুইস সার্ভার থেকে পাঠানো হয়েছিল, যেখানে ব্যবহারকারীর বিস্তারিত তথ্য গোপন থাকে। এলনাজ বলেন, “তদন্তে বোঝা গেছে, এই অপরাধের পিছনে যিনি রয়েছেন, তিনি ভালোভাবে জানেন কীভাবে নিজেকে আড়াল করতে হয়। ওই ব্যক্তি সম্পর্কে আর কোনও তথ্য পাওয়া যায়নি। তবে সাইবার টিম ওই অ্যাকাউন্টটি বাতিল করে দিয়েছে। কিন্তু আমার ভয়, ওই ব্যক্তি যদি নতুন অ্যাকাউন্ট থেকে আবার যোগাযোগ করে।”
তদন্তের সময় এলনাজকে জিজ্ঞাসা করা হয়, তিনি কোনও অজানা লিঙ্কে ক্লিক করেছিলেন কি না। তিনি জানান, “আমার মনে পড়েছে, একটি অজানা লিঙ্কে একটি ফর্ম পূরণ করেছিলাম। সম্ভবত সেখান থেকেই আমার তথ্য হ্যাক করা হয়েছে।” এরপর সাইবার টিম তাঁর বাড়িতে গিয়ে ডিভাইসগুলোর ডেটা ব্যাকআপ করতে সাহায্য করে এবং ফরম্যাট করে দেয়। এলনাজ এখন নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করছেন এবং সন্দেহজনক কোনও বার্তা পেলে তা রিপোর্ট করার নির্দেশ পেয়েছেন।
আতঙ্কে দিন কাটছে অভিনেত্রীর
এই ঘটনা এলনাজের মানসিক শান্তি কেড়ে নিয়েছে। তিনি বলেন, “এখন আমি ই-মেইল বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতেও ভয় পাচ্ছি। রাতে ঘুমোতে গেলে চিন্তা হয়, আমার ছবি কোথাও ফাঁস হয়ে গেছে কি না। এই আতঙ্কে কয়েকবার মনোবিদের সাহায্য নিতে হয়েছে। মনে হচ্ছে, সব সময় কেউ আমার ওপর নজর রাখছে। প্রতিটি মুহূর্ত আমি ভয়ে কাটাচ্ছি।”
সাইবার অপরাধের ক্রমবর্ধমান হুমকি
এলনাজ নরৌজি, যিনি ‘সেক্রেড গেমস’ ও ‘মেড ইন হেভেন’-এর মতো সিরিজে অভিনয়ের জন্য পরিচিত, তাঁর এই অভিজ্ঞতা সাইবার অপরাধের ক্রমবর্ধমান হুমকির একটি উদাহরণ। এই ঘটনা ডিজিটাল নিরাপত্তার গুরুত্ব এবং সতর্কতার প্রয়োজনীয়তা আরও একবার সামনে এনেছে। তদন্তকারী দল এখনও এই মামলার নেপথ্যে থাকা ব্যক্তির খোঁজে তৎপর রয়েছে।
এলনাজের এই দুঃসাহসিক অভিজ্ঞতা অন্যদের জন্যও একটি সতর্কবার্তা। তিনি আশা করছেন, এই ঘটনার দ্রুত সমাধান হবে এবং তাঁর জীবন আবার স্বাভাবিক হবে।