ভারত-চিন সরাসরি বিমানযাত্রা! ‘অম্লমধুর’ সম্পর্কের মাঝেই বিমান পরিষেবা নিয়ে ‘উদ্যোগী’ দুই দেশ

গত দু’মাস আগে ভারতীয় বিদেশসচিব বিক্রম মিশ্রী বেজিং সফর করেছিলেন। সেই সময়ই চিনের সঙ্গে দফায় দফায় বৈঠকে উঠে এসেছিল করোনার পর থেকে বন্ধ হওয়া কৈলাস-মানস সরোবর যাত্রা এবং ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু করার বিষয়। বিদেশসচিব জানিয়েছিলেন, দুই দেশের মধ্যে বিমান পরিষেবা পুনরায় চালু করার ব্যাপারে কূটনৈতিক পরিবেশ অনেকটাই ইতিবাচক।
এবার, চিনের কূটনীতিক জু ওয়েই কলকাতায় এসে এ বিষয়ে নতুন ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার তিনি জানিয়েছেন, ভারত ও চিনের মধ্যে করোনার পর বন্ধ হয়ে যাওয়া সরাসরি বিমান পরিষেবা নিয়ে আলোচনা এখনও চলছে এবং শীঘ্রই এটি পুনরায় চালু হতে পারে।
তিনি আরও বলেন, “করোনার আগে বেজিং, সাংহাই, গুয়াজুং, কুনমিং থেকে নয়াদিল্লি, মুম্বই, কলকাতা এবং অন্যান্য শহরের মধ্যে প্রতি সপ্তাহে ৫০টি ফ্লাইট চলাচল করত। দুই দেশের মধ্যে এই বিমান পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে আলোচনা চলছে।”
চিন-ভারতের সম্পর্কের কথা তুলে ধরে জু ওয়েই আরও বলেন, “আগামী ১ এপ্রিল চিন ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সূচনার ৭৫ তম বার্ষিকী পালন হতে চলেছে। চিন আগামী দিনে ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী। আমাদের হাতে দুই দেশের সম্পর্কের ভিত্তি মজবুত করার দায়িত্ব রয়েছে।”
সূত্রের খবর অনুযায়ী, চিনের প্রত্যাশা, ভারত তাদের নাগরিকদের জন্য ভিসা নীতিতে কিছু শিথিলতা আনবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।