পানীয় জলের সমস্যায় ভরসা পুকুরের জল! অসুবিধায় শ্রীধরপুরের স্থানীয় বাসিন্দারা

এলাকায় পানীয় জলের সংকট সৃষ্টি হওয়ায় স্থানীয়রা এখন পুকুরের জলই ভরসা হিসেবে ব্যবহার করছেন। এমনটাই অভিযোগ জানিয়েছে দক্ষিণ 24 পরগণার নগেন্দ্রপুরের পূর্ব শ্রীধরপুরের বাসিন্দারা। এখানে একটি স্কুলে টিউবওয়েল ছিল, তবে সেটি নষ্ট হয়ে যাওয়ার পর, শিশুদের জন্য মিড ডে মিল রান্নার জন্যও পুকুরের জল ব্যবহার করা হচ্ছে। শুধু তা-ই নয়, বাসনপত্র এবং শিশুদের হাতমুখ ধোয়ার ক্ষেত্রেও ওই পুকুরের জলই ব্যবহার হচ্ছে।
এ নিয়ে মথুরাপুর দুই বিডিও, নাজির হোসেন জানিয়েছেন, “জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। যদি এক সপ্তাহের মধ্যে সমাধান না হয়, তবে স্কুলে জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে জল সরবরাহের ব্যবস্থা করা হবে।”
স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, স্কুলের টিউবওয়েল ছাড়া আশেপাশের এলাকায় আর কোনও টিউবওয়েল নেই। একটি মাত্র টিউবওয়েল বেশ কিছুটা দূরে রয়েছে, যেখানে অনেক মানুষ নির্ভরশীল। গোটা গ্রামে জল সঙ্কট চরম আকার ধারণ করেছে, তবে বিষয়টি নিয়ে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়ে মাঝে মাঝে পুকুরের জলই ব্যবহার করতে হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, “পানীয় জলের যোগান যথাযথ রয়েছে, তবে ভূগর্ভস্থ জল স্তরের নিচে নেমে যাওয়ার কারণে মাঝে মাঝে সমস্যা হয়। তবে পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”