কবে আসছে BSNL-এর 5G? বড় আপডেট দিলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল গ্রাহকদের জন্য একটি বড় আপডেট দিয়েছে। ৫জি পরিষেবা চালু করার প্রস্তুতি সম্পর্কে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্প্রতি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, বিএসএনএল তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ইতিমধ্যেই ৭৫ হাজারেরও বেশি নতুন ৪জি টাওয়ার চালু করেছে। এছাড়া, আগামী এক-দুই মাসের মধ্যে ১ লক্ষ ৪জি টাওয়ার স্থাপন করবে সংস্থাটি।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০২৫ সালের মে-জুন মাসের মধ্যে ১ লক্ষ ৪জি সাইট চালু হবে বিএসএনএলের। তার পরে, ৪জি থেকে ৫জি পরিষেবায় রূপান্তর শুরু হবে, যা জুন মাসের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তথ্য টেলিকম মন্ত্রক তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছে।
গত বছর, কেন্দ্রীয় সরকার বিএসএনএল-এর জন্য ৮০ হাজার কোটি টাকারও বেশি বাজেট বরাদ্দ করেছিল। এই অর্থ দিয়ে নেটওয়ার্কের উন্নয়ন এবং আপগ্রেডেশন কাজ ত্বরান্বিত করা হচ্ছে।
কয়েকদিন আগে বিএসএনএল তাদের তৃতীয় ত্রৈমাসিক রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে, দীর্ঘ ১৭ বছর পর বিএসএনএল লাভের মুখ দেখেছে। তাদের রিপোর্ট অনুযায়ী, গত তিন মাসে বিএসএনএল ২৬২ কোটি টাকা লাভ করেছে। এই লাভের ফলে, বিএসএনএল তাদের নেটওয়ার্ক উন্নয়ন এবং ৫জি পরিষেবা চালু করার প্রক্রিয়ায় আরও এগিয়ে যেতে সক্ষম হবে বলে আশাপ্রকাশ করা হচ্ছে।
৫জি পরিষেবা চালু হওয়ার পরে বিএসএনএল তাদের গ্রাহকদের আরও দ্রুত এবং উন্নত ইন্টারনেট পরিষেবা প্রদান করবে, যা দেশের টেলিকম খাতে এক নতুন যুগের সূচনা করবে।