গ্রামোন্নয়নের ক্ষেত্রে বাংলাকে কত টাকা দেওয়া হয়েছে? শিবরাজের উত্তর শুনেই বিক্ষোভ TMC-র

গ্রামোন্নয়ন সংক্রান্ত বকেয়া টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ তুলছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ইস্যুতে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হলেও, এর কোনও সুরাহা মেলেনি। এবার আবারও এই ইস্যু নিয়ে সংসদ চত্বরে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় মন্ত্রীর উত্তর শুনে সংসদ থেকে বেরিয়ে যান, এবং তার সঙ্গে আরও কিছু সাংসদও ওয়াকআউট করেন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে লড়াইয়ে নামার ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তার এই অবস্থান স্পষ্ট হওয়ার পর, মঙ্গলবার লোকসভায় তৃণমূলের আক্রমণ আরও তীব্র হয়ে ওঠে।
সংসদের প্রশ্নোত্তর পর্বে তৃণমূল সাংসদ বাপি হালদার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান থেকে জানতে চান, “বাংলায় গ্রামোন্নয়ন প্রকল্পে কত টাকা দেওয়া হয়েছে?” তার লিখিত উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে, গত তিন বছরে MGNREGA (১০০ দিনের কাজ)-এর জন্য কোনও টাকা প্রদান করা হয়নি। এই জবাব পেয়ে তৃণমূল সাংসদরা ক্ষোভ প্রকাশ করে এবং বিক্ষোভ দেখিয়ে সংসদ ছেড়ে বেরিয়ে যান।
সংসদ চত্বরে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার সড়ক যোজনা, আবাস যোজনার মতো প্রকল্পগুলির টাকা দিচ্ছে না। বলা হচ্ছে ২৫ লক্ষ টাকার প্রতারণা হয়েছে, যদি তাই হয়েও থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ‘ক্রিমিনাল কেস’ করা হোক। কিন্তু তাই বলে কোটি কোটি মানুষকে বঞ্চিত করা যাবে না। বাঙালির পেটে লাথি মারাটাই তাদের কাজ।”