ছাব্বিশের ভোটে BJP-কে রুখতে কোন ‘অস্ত্রে’ লড়বে TMC? মুখ খুললেন অভিষেক ব্যানার্জী

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস এবার পুরোদমে প্রস্তুতি শুরু করেছে। সূত্রের খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিষয়টিকে প্রধান ইস্যু করে ভোটের লড়াইয়ে নামবে তৃণমূল। ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানিয়েছেন।
২০২৩ সাল থেকে তৃণমূল বারবার কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গে সরব হয়েছে। বাংলার শাসকদলের অবিরাম প্রচার এবং দিল্লিতে আক্রমণাত্মক আন্দোলনের ফলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাদের পক্ষে সমর্থন বেড়েছে। এরই মধ্যে গ্রামোন্নয়ন মন্ত্রকের সংসদীয় বিষয়ক কমিটি পশ্চিমবঙ্গের বকেয়া টাকা পরিশোধের জন্য সুপারিশ করেছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই বকেয়া টাকা না মেটানো হলে, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ফের বড় আন্দোলনের পথে হাঁটতে পারে। অভিষেক জানিয়েছেন, সেই সময় পরিস্থিতি বুঝে কর্মসূচির রূপরেখা ঠিক করা হবে।
২০২৩ সালে বাংলার পঞ্চায়েত নির্বাচনের সময় অভিষেক নিজে প্রচারে নেমেছিলেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের প্রতিটি জেলার প্রত্যন্ত অঞ্চলে তিনি পৌঁছে গিয়েছিলেন। কখনও পায়ে হেঁটে, কখনও গাড়িতে করে জনসংযোগ করেছেন তিনি। অভিষেকের ‘নবজোয়ার’ কর্মসূচি তৃণমূল শিবিরে নতুন উদ্দীপনা এনেছিল, যার প্রমাণ মিলেছিল নির্বাচনের ফলাফলে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কি আবার একই কৌশল নেবে? ফের কি ‘নবজোয়ার’ ধরনের কোনও কর্মসূচি দেখা যাবে? সূত্রের খবর, অভিষেক এই বিষয়ে চিন্তাভাবনা করছেন।