সেনার দুই আধিকারিককে বন্দি করে তাঁদের বান্ধবীদের গণধর্ষণ! 6 মাসের মধ্য়ে সাজা শোনাল আদালত

এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে, যেখানে সেনার দুই আধিকারিককে বন্দি করে তাঁদের বান্ধবীদের গণধর্ষণ করা হয়। এই ঘটনায় ইন্দোরের মহৌর জেলা আদালত পাঁচ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। পুরো ঘটনা ঘটে গত বছরের সেপ্টেম্বর মাসে, যখন ওই দুই সেনা আধিকারিক তাঁদের বান্ধবীদের সঙ্গে মহৌর জাম গেট এলাকার একটি পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়েছিলেন।

পুলিশ সূত্রে জানায়, সে সময় অতর্কিতভাবে হামলা চালায় পাঁচ দুষ্কৃতী। হামলাকারীরা প্রথমে সেনা আধিকারিকদের বন্দি করে, তারপর তাঁদের টাকা ছিনতাই করে এবং গাড়ির মধ্যে বসে থাকা দুই মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এর পর, ১০ লক্ষ টাকার মুক্তিপণ দাবি করা হয়।

অভিযোগ পেয়ে পুলিশ তৎপর হয়ে মামলা রুজু করে এবং অভিযুক্তদের গ্রেফতার করে। ৬ মাসের বিচার প্রক্রিয়া শেষে আদালত পাঁচ দুষ্কৃতীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে।

মামলার শুনানি চলাকালীন অতিরিক্ত বিচারক আরএস দোহরা মন্তব্য করেন, “এ ধরনের অপরাধ সমাজে নিরাপত্তাহীনতা ও ভয় সৃষ্টি করে, এবং সাধারণ মানুষের মধ্যে এই ধরনের ঘটনা দূর করতে এই সাজা প্রয়োজনীয় এবং যুক্তিযুক্ত।”

ইন্দোর গ্রামীণ পুলিশ সুপার হিতিকী বাসল জানায়, মামলাটির গুরুত্ব বুঝে বাদগোন্ডা পুলিশ এই মামলাকে ফাস্ট-ট্র্যাক আদালতে পেশ করে। দীর্ঘ ৬ মাস পর, অবশেষে অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হয়েছে।