রাত হলেই শিব-কালী মন্দিরে ঘটছে অবাক করা ঘটনা! চক্ষু চড়কগাছ এলাকাবাসীর

রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে ছিলেন। কিন্তু ভোর হতেই এলাকায় চিৎকার-চেঁচামেচি, হৈচৈ! ঘটনার আকস্মিকতায় হতবাক স্থানীয়রা। এক রাতেই পরপর তিনটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার কিয়াগেড়িয়া এলাকায়।
সূত্রের খবর, শীতলানন্দ শিব মন্দির, শীতলা মন্দির এবং আরেকটি স্থানীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তালা ভেঙে ঢুকে পুজোর সামগ্রী, সোনা-রুপোর গহনা নিয়ে চম্পট দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শিব মন্দিরে প্রায় এক কেজি রুপোর গহনা ও বেশ কিছু সোনার গহনা ছিল। অন্যদিকে, শীতলা মন্দির থেকে চুরি গিয়েছে তিনটি পিতলের বিগ্রহ, সোনার অলঙ্কার ও রুপোর গয়না।
এলাকাবাসীর অভিযোগ, চোরেরা রাতে ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করে পরিকল্পিতভাবে চুরি করেছে। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা সন্তু বোরা বলেন,”সকালে মাঠ থেকে ফিরছিলাম, তখনই শুনি পাশের পাড়ার শীতলা মন্দিরে চুরি হয়েছে। দেখি আমার বাড়ির পাশের শিব মন্দিরেও একই ঘটনা! সব গহনা, এমনকি ত্রিশুলও নিয়ে গেছে চোরেরা!”
খবর পেয়েই চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো চোর ধরা পড়েনি। এই ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত, প্রশাসনের কাছে নিরাপত্তা বৃদ্ধির দাবি তুলেছেন।
ঘটনার পর কিয়াগেড়িয়া অঞ্চলের মন্দিরগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হবে কিনা, সেটাই এখন দেখার।