শুভেন্দু অধিকারীকে ‘হেনস্থা’র প্রতিবাদে দলীয় পতাকা নিয়ে পথ অবরোধ বিধায়কের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগ ঘিরে উত্তাল বাঁকুড়া। মঙ্গলবার সকালে ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রামসাগরে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
বিক্ষোভ মঞ্চ থেকে অমর নাথ শাখা বলেন,”আগে তৃণমূল বিরোধী দলনেতাকে বাধা দিত, এখন পুলিশ বিরোধী দলনেতাকে বাধা দিচ্ছে। এই ধরনের হেনস্থা অবিলম্বে বন্ধ না হলে আরও বৃহত্তর আন্দোলন হবে।”
সোমবার দুপুরে হাওড়ার বেলগাছিয়ায় ঘরহারাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কিন্তু তার আগেই পুলিশ ব্যারিকেড বসিয়ে পথ আটকায়।
শুভেন্দু অধিকারী ও তাঁর সঙ্গীরা পুলিশি বাধা টপকে ঢোকার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়।পুলিশের সঙ্গে কথা কাটাকাটির মাঝেই ধাক্কাধাক্কিতে এক বিজেপি নেতা মাটিতে পড়ে যান।অভিযোগ, এক পুলিশ অফিসারের ধাক্কায় শুভেন্দুর হাত কেটে যায়, রক্ত বের হতে থাকে।শুভেন্দুর অভিযোগ, এসআই গোলাম মুস্তার্জা তাঁকে আঘাত করেন।
বিধানসভায় ফিরে গিয়ে শুভেন্দুর হাতে ব্যান্ডেজ করা হয়। এরপর বিজেপি এই ঘটনা নিয়ে সরব হয়। অমর নাথ শাখার নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ হয়, এবং আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।