নাগরিকত্ব নিয়ে বিতর্কে রাহুল গান্ধী! কেন্দ্রকে দ্রুত রিপোর্ট জমা দিতে নির্দেশ আদালতের

বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফের নাগরিকত্ব বিতর্কে জড়ালেন। এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে উঠেছে এই মামলা। বিচারপতি এআর মাসুদি ও অজয় কুমার শ্রীবাস্তবের বেঞ্চ কেন্দ্রকে চার সপ্তাহের মধ্যে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রক আট সপ্তাহ সময় চেয়েছিল। মামলার পরবর্তী শুনানি হবে ২১ এপ্রিল।
এই নাগরিকত্ব বিতর্কের সূত্রপাত ২০১৯ সালে। বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী আদালতে অভিযোগ করেন, রাহুল গান্ধী একইসঙ্গে দুটি দেশের নাগরিকত্ব বহন করছেন।
সুব্রহ্মণ্যম স্বামীর দাবি:”রাহুল গান্ধী ব্রিটিশ সরকারের কাছে জমা দেওয়া একটি নথিতে নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছেন। যা ভারতের সংবিধান অনুযায়ী অবৈধ।”
এরপর কর্নাটকের বিজেপি নেতা এস ভিগনেশ শিশির বিষয়টি সামনে আনেন এবং রাহুল গান্ধীর ভারতীয় নাগরিকত্ব ও সাংসদ পদ খারিজের আবেদন করেন। এলাহাবাদ হাইকোর্টেও এ নিয়ে পিটিশন দাখিল করা হয়।
২০২৫ সালে এসে আবার মাথাচাড়া দিয়েছে এই বিতর্ক। আদালত সরকারের কাছে বিষয়টি স্পষ্ট করার নির্দেশ দিলেও, কর্নাটকের নেতার রাহুলের সাংসদ পদ বাতিলের আবেদন খারিজ করেছে এলাহাবাদ হাইকোর্ট।
এখন কেন্দ্রের জমা দেওয়া রিপোর্টের দিকেই নজর রাজনৈতিক মহলের। আগামী ২১ এপ্রিল শুনানিতে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।