মাত্র ৩০ দিনে দানপত্রে কোটি কোটি টাকা! গুনতে গিয়ে নাজেহাল পুরোহিতরা, কোথায় ঘটল এমন কাণ্ড?

কোটি কোটি টাকা থরে থরে সাজানো। একসারি লাইন করে বসে রয়েছেন পুরোহিতরা, আর চলছে নিরন্তর টাকা গোনার কাজ। ঘটনাস্থল কর্ণাটকের রায়চূড়ের রাঘবেন্দ্র স্বামী মঠ। মাত্র ৩০ দিনেই দানপত্রে জমেছে বিপুল পরিমাণ অর্থ, যা গুনতে গিয়ে নাজেহাল মন্দির কর্তৃপক্ষ।

মন্দিরের এই বিপুল অর্থের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু নগদ টাকা নয়, পাহাড়প্রমাণ মুদ্রাও জমা পড়েছে।

কিন্তু কেন মাত্র ৩০ দিনেই এত বিপুল দান? জানা গিয়েছে, ষোড়শ শতকের সাধু রাঘবেন্দ্র স্বামীর জন্মতিথি উপলক্ষে মঠে উপচে পড়েছিল ভক্তদের ভিড়। তারই ফলস্বরূপ এই বিশাল অর্থসংগ্রহ।

গয়না, রুপোও মিলেছে দানপত্রে
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুধুই টাকা নয়, ভক্তরা দান করেছেন তিন ভরি সোনা ও এক কেজি রুপো।

রাঘবেন্দ্র স্বামী মঠ শুধু কর্ণাটক নয়, বিশ্বজুড়ে পরিচিত। প্রতিবছর দেশ-বিদেশ থেকে বহু পুণ্যার্থী এখানে আসেন। তবে গত ৩০ দিনে ঠিক কত সংখ্যক ভক্ত এসেছিলেন, তা এখনও নিশ্চিত নয় মন্দির কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত বছর এই মঠে এসেছিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। তাঁদের সঙ্গে ছিলেন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি ও শুধা মূর্তিও।