SPORTS: হকি ডার্বিও হেরে গেলো ইস্টবেঙ্গল, কলকাতা লিগ চ্যাম্পিয়ন হলো মোহনবাগান

কলকাতা হকি লিগের ফাইনালে আরও একটি ডার্বি হারের মুখ দেখল ইস্টবেঙ্গল। রবিবার হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামে মোহনবাগানের বিরুদ্ধে ৩-১ গোলে পরাজিত হল লাল-হলুদ ব্রিগেড। এই জয়ের মাধ্যমে সবুজ-মেরুন দল চ্যাম্পিয়নশিপ শিরোপা দখল করল, ফুটবলের পর হকিতেও তাদের আধিপত্য বজায় রেখে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মোহনবাগান। প্রথম কোয়ার্টারেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন অর্জুন শর্মা। তাঁর শক্তিশালী শট ইস্টবেঙ্গলের এক ডিফেন্ডারের স্টিকে লেগে গোলের জালে ঢুকে যায়, মোহনবাগান ১-০ এগিয়ে যায়। স্টেডিয়ামে উপস্থিত অসংখ্য মোহনবাগান সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পরিবেশ।

লিগ পর্বে শীর্ষে থাকলেও, কলকাতা হকি লিগের নিয়ম অনুযায়ী শ্রেষ্ঠ দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। সেই নিয়মে মোহনবাগানকে প্রমাণ করতে হয়েছে তাদের শ্রেষ্ঠত্ব। দলে একাধিক নতুন খেলোয়াড় থাকা সত্ত্বেও, মাঠে দাপট দেখিয়েছে সবুজ-মেরুন। অন্যদিকে, সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে ইস্টবেঙ্গলকে।

দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান আরও বাড়ায় মোহনবাগান। অর্জুন শর্মার আক্রমণে শুরু হয় মুভ। ইস্টবেঙ্গলের মেহাকদীপ সিং বলের নিয়ন্ত্রণ হারালে সুযোগ পায় মোহনবাগান। আভারান সুদেব দারুণ দক্ষতায় ডি-বক্সে ঢুকে পাস দেন কার্থিকে। কঠিন কোণে থাকলেও কার্থিক গোল করতে ভুল করেননি। ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা বুঝে ওঠার আগেই ২-০ এগিয়ে যায় মোহনবাগান।

তৃতীয় কোয়ার্টারে ইস্টবেঙ্গল কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। ক্যাপ্টেন অতুল দীপের পাস থেকে জামির গোল করে ব্যবধান কমান, স্কোর হয় ২-১। তবে ম্যাচে ফিরে আসার স্বপ্ন অধরাই থেকে যায় লাল-হলুদের। শেষ কোয়ার্টারে আরও একটি গোল হজম করে তারা। রাহেল মহসীন দ্রুতগতিতে ইস্টবেঙ্গলের ডি-বক্সে ঢুকে পড়েন এবং বাঁদিক থেকে উঠে আসা গণেশ মাঝিকে পাস দেন। মাঝির রিটার্ন পাস থেকে মহসীনের জোরালো শট গোলে ঢুকে যায়। ৩-১ গোলে ম্যাচ শেষ হয়।

এই জয়ের মাধ্যমে মোহনবাগান চ্যাম্পিয়নশিপ জিতল। গতবার ইস্টবেঙ্গল অপরাজিত থেকে শিরোপা জিতেছিল। এবার সেই কৃতিত্বই পুনরাবৃত্তি করল মোহনবাগান। সমর্থকদের উচ্ছ্বাসে মুখর ডুমুরজোলা স্টেডিয়াম সাক্ষী রইল আরেকটি ঐতিহাসিক ডার্বির।