‘হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান’ তুলে 26-এ রাজ্যে সরকার বদলের ডাক BJP-র, পাল্টা নিশানা TMC-র

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হিন্দুত্বের ইস্যুকেই হাতিয়ার করল বিজেপি। বাঁকুড়ায় সাতটি বিধানসভা আসনে জয়লাভের লক্ষ্যে দলের নতুন জেলা সভাপতি স্পষ্ট বার্তা দিলেন কর্মীদের। শুক্রবার রাতে বাঁকুড়ার দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠকে এই রণকৌশল ঠিক করেন বিজেপির নব নির্বাচিত জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বিজেপির দাবি: রাজ্যে “পশ্চিম বাংলাদেশ” বানানোর চেষ্টা চলছে, তাই হিন্দুরা এবার একজোট হয়ে বিজেপিকে ভোট দেবে।

তবে বিজেপির এই কৌশলকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। যুব তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি রাজীব দে বলেন, “গত দু’বছর ধরে একশো দিনের কাজ, আবাস প্রকল্প-সহ সমস্ত কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে বাংলার হিন্দুরাও। ভোটের মুখে এখন হিন্দুত্বের সুর তুললেও বিজেপির কোনও লাভ হবে না।”

ইতিমধ্যেই বাঁকুড়ার বিভিন্ন দেওয়ালে ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগান উঠে এসেছে। বিজেপি কর্মীরা রাস্তায় নেমে হিন্দু সংহতির বার্তা ছড়াচ্ছেন। দলীয় নেতৃত্বের নির্দেশ, হিন্দু ইস্যুকেই কেন্দ্র করে সাতটি আসনে জয় ছিনিয়ে আনতে হবে।

তৃণমূলের দাবি, “হিন্দুত্বের নামে বিজেপি বিভাজনের রাজনীতি করছে। কিন্তু বাংলার মানুষ উন্নয়ন চায়, সাম্প্রদায়িক বিভাজন নয়।”

এবার বিধানসভা ভোটে বাঁকুড়ায় বিজেপির এই কৌশল আদৌ কতটা কার্যকর হবে, তা সময়ই বলবে।