OMG! মাঝরাতে স্ত্রীকে মারধর, দিদিকে বাঁচাতে আসায় শ্য়ালকের কান কামড়ে নিলো জামাইবাবু!

সোনারপুরের নোয়াপাড়া আনন্দপল্লীতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। পারিবারিক অশান্তি যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল এক দম্পতির জীবনে। অভিযোগ, মদ্যপ অবস্থায় বাড়ি ফিরলেই স্ত্রীকে মারধর করতেন সৌরভ সেন। কিন্তু শুক্রবার গভীর রাতে যা ঘটল, তা ভাবনার অতীত! অভিযোগ, শ্যালককে বাঁচাতে গিয়ে ভয়ঙ্কর আক্রমণের শিকার হতে হল তাঁকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারপুর মালিপাড়ার বাসিন্দা সৌরভ সেন প্রায় প্রতিদিন মদ্যপান করতেন। মদ খেয়ে ফিরলেই স্ত্রীর উপর চলত অত্যাচার। শুক্রবার রাতেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়। স্ত্রীর আর্তনাদ শুনে পাশের বাড়ি থেকে ছুটে আসেন তাঁর ভাই রাজা শ্রীবাস্তব। দিদিকে বাঁচানোর চেষ্টা করতেই আরও হিংস্র হয়ে ওঠেন সৌরভ।

অভিযোগ, মারধরের মধ্যেই হঠাৎ শ্যালকের কানে কামড়ে বসেন সৌরভ! শুধু তাই নয়, ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টাও করেন তিনি। গুরুতর আহত অবস্থায় রাতেই রাজাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পরিবারে। শেষ পর্যন্ত রাজা শ্রীবাস্তব সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, তবে অভিযুক্ত সৌরভ সেন পলাতক। তাঁকে দ্রুত গ্রেফতার করার জন্য তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের দাবি, অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।