SPORTS: আইপিএল উদ্বোধনে সঞ্চালনায় শাহরুখ? বড় চমকের অপেক্ষায় ইডেন গার্ডেন

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, রাত পোহালেই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। এবারের মেগা উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে, যেখানে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি)। সমর্থকদের জন্য এর চেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত আর কিছু হতে পারে না—একদিকে বিরাট কোহলির মতো তারকা মাঠে, অন্যদিকে কেকেআরের কর্ণধার শাহরুখ খানের উপস্থিতি। এবারের উদ্বোধনী অনুষ্ঠান যে আগের বছরগুলোকে ছাপিয়ে যেতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

প্রতি বছরের মতো এবারও আইপিএল শুরু হচ্ছে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। এবার মঞ্চে পারফর্ম করবেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল, অভিনেত্রী দিশা পাটানি এবং গায়ক করণ আউজলা। তবে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছেন শাহরুখ খান। জানা গেছে, উদ্বোধনী ম্যাচের সঞ্চালনার দায়িত্বে থাকবেন তিনি। কেকেআর বনাম আরসিবি ম্যাচে শাহরুখের উপস্থিতি সমর্থকদের জন্য এক বাড়তি আকর্ষণ। শুধু সঞ্চালনা করবেন, নাকি তাঁর জনপ্রিয় গানের তালে পারফর্ম করে মঞ্চ মাতাবেন, সেটা এখনও রহস্য। তবে শাহরুখ যদি নাচেন, তাহলে সমর্থকদের জন্য তা হবে অবিস্মরণীয় মুহূর্ত।

এর আগেও শাহরুখ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মন জয় করেছেন। অতীতে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে নেচেছেন, আবার বিরাট কোহলিকে অনুষ্কা শর্মার ছবি উপহার দিয়ে খুনসুটিতে মেতেছেন। এবার তিনি ইডেনে ফিরছেন চ্যাম্পিয়ন দলের মালিক হিসেবে। গত বছর কেকেআর শিরোপা জিতেছিল, এবার তাদের লক্ষ্য ট্রফি ধরে রাখা। শাহরুখের উপস্থিতি সেই প্রত্যাশায় নতুন মাত্রা যোগ করছে।

কেকেআর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। এক সমর্থক বলেন, “ইডেনে উদ্বোধনী ম্যাচ, শাহরুখের সঞ্চালনা, বিরাটের খেলা—এর চেয়ে বেশি আর কী চাইতে পারি?” আরেকজন বলেন, “শাহরুখ যদি ‘জওয়ান’ বা ‘পঠান’-এর গানে নাচেন, তাহলে ইডেন ফেটে পড়বে।” এদিকে, আরসিবি সমর্থকরাও বিরাট কোহলির খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

২২ মার্চ শনিবার ইডেন গার্ডেন্সে এই ম্যাচের মাধ্যমে আইপিএলের ১৮তম আসর শুরু হবে। শাহরুখের উপস্থিতি, তারকাদের পারফর্ম্যান্স এবং কেকেআর-আরসিবির লড়াই—সব মিলিয়ে এবারের উদ্বোধনী অনুষ্ঠান ক্রিকেটপ্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হতে চলেছে।