‘সম্পর্কে কিছু বিষয় গোপন রাখা মানেই প্রতারণা নয়’- জানালেন অভিনেত্রী তৃনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই আলোচনা হয় যে, ছোট পর্দার ধারাবাহিকগুলি মূলত মহিলাদের জন্য তৈরি। নারী চরিত্র কেন্দ্রে থাকলেই ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়ে। কিন্তু এই ধারণাকে চ্যালেঞ্জ করে ব্যতিক্রমী দৃষ্টান্ত তৈরি করেছে ভারতীয় ধারাবাহিক নাটক ‘পরশুরাম আজকের নায়ক’। এই ধারাবাহিকের কয়েকটি ভিডিও ইতিমধ্যেই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ধারাবাহিকের একটি দৃশ্যে দেখা যায়, স্বামী ও স্ত্রীর মধ্যে একটি বিষয় নিয়ে কথা হচ্ছে। দু’জনেই পরস্পরের থেকে কিছু গোপন করার চেষ্টা করছে। এই দৃশ্যটি দর্শকদের মনে প্রশ্ন জাগিয়েছে—স্বামী-স্ত্রীর সম্পর্কে কি কিছু গোপনীয়তা থাকা উচিত, নাকি সবকিছুই স্বচ্ছ হওয়া দরকার? এই প্রসঙ্গে ধারাবাহিকের নায়িকা তৃণা সাহা নিজের মতামত জানিয়েছেন।
তৃণা বলেন, ‘একটা মানুষের পক্ষে সবকিছু জানা সম্ভব নয়। শুধু স্বামী-স্ত্রী নয়, বাবা-মায়ের সঙ্গেও সন্তানের সম্পর্কে কিছু বিষয় অজানা থাকে। আমি মনে করি, কিছু বিষয় সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসা ভাল। সবকিছু একেবারে জেনে ফেললে আগ্রহও কমে যায়।’
স্বচ্ছতার প্রসঙ্গে তৃণা আরও যোগ করেন, ‘কোনও কথা গোপন করা মানেই প্রতারণা করা নয়। সম্পর্কে স্বচ্ছতা অবশ্যই প্রয়োজন, তবে ধাপে ধাপে জানতে পারলে সম্পর্কের প্রতি আগ্রহ বাড়ে। আমরা প্রতিদিন নতুন কিছু শিখি, মানসিকভাবে বিকশিত হই। বাবা-মায়ের সঙ্গেও তো সবকিছু শেয়ার করা যায় না। তার মানে এই নয় যে আমরা প্রতারণা করছি।’
‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে তৃণার চরিত্রটি খুবই গোছানো। ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও তিনি দুই কামরার ফ্ল্যাটে সংসার করছেন। স্বামীকে ভালোবাসেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই চরিত্রের আরও অনেক দিক রয়েছে, যা ধীরে ধীরে প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন তৃণা। তিনি বলেন, ‘পরশুরাম ইতিবাচক কারণের জন্যই লড়ছে। তার স্ত্রীও ইতিবাচক কারণের জন্যই লড়ছে কি না, সেটাই দেখার বিষয়।’
পুরুষকেন্দ্রিক ধারাবাহিক নিয়ে তৃণার অভিজ্ঞতা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এর আগেও আমি ‘খোকাবাবু’-তে অভিনয় করেছি, যা পুরুষকেন্দ্রিক ধারাবাহিক ছিল। আসলে ধারাবাহিকের বিষয়বস্তুটাই গুরুত্বপূর্ণ। দর্শক কী ভাবছেন, গল্পটা তাদের কেমন লাগছে, সেটাই মূল বিষয়। অনেকেই বলেন, কাকিমা বা দিদিমারাই ধারাবাহিক দেখেন। কিন্তু আমি ‘খোকাবাবু’র সময় দেখেছি, অনেক পুরুষ দর্শকও রয়েছেন। এবারও তাই দেখছি।’
‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি শুধু গল্প বলার ধরনেই নয়, চরিত্র চিত্রণেও নতুন মাত্রা যোগ করেছে। তৃণা সাহার অভিনয় এবং চরিত্রের গভীরতা দর্শকদের মনে দাগ কাটতে সক্ষম হয়েছে। ধারাবাহিকটি প্রমাণ করছে যে, নারী চরিত্র শক্তিশালী এবং প্রাসঙ্গিক হলে তা যেকোনও গল্পকে সমৃদ্ধ করতে পারে।