মর্মান্তিক! নিবেদিতা ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা ৪ জনের মৃত্যু, ২ জন ভর্তি হাসপাতালে

ভোররাতে বালির নিবেদিতা সেতুতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। মালবাহী গাড়িটি ব্রিজের রেলিং পেরিয়ে প্রায় ৪০ ফুট নীচে পড়ে যায়। নিবেদিতা সেতুর টোল ওয়ে, লালবাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাবরা থেকে হাওড়ার অঙ্কুরহাটির হাটে মাল বিক্রি করতে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। চারচাকা ছোট গাড়িতে কাপড়ের পেটি বোঝাই করে রওনা দিয়েছিলেন তারা। লালবাড়ির সামনে হঠাৎ গাড়ির একটি টায়ার ফেটে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়ির মাথায় বসেছিলেন ৬ জন শ্রমিক। দুর্ঘটনার সময় তারা ব্রিজের রেলিং পেরিয়ে প্রায় ৪০ ফুট নীচের রাস্তায় পড়ে যান।

স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চারজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি দু’জন গুরুতর আহত অবস্থায় অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। মৃত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি। বালি থানার পুলিশ ঘটনার কারণ ও দায়িত্ব নির্ধারণে তদন্ত শুরু করেছে।

নদিয়ায় টোটো-চারচাকা সংঘর্ষে ৭ জনের মৃত্যু
এদিকে, দোলের দিন নদিয়া জেলার চাপড়ায় টোটো ও চারচাকা গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৭ জনের। মৃতদের মধ্যে ৪ জন মহিলা ও ১ শিশু রয়েছেন। এছাড়াও অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের চারাতলা পেট্রল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, একটি চারচাকা গাড়ি পর পর তিনটি টোটোয় ধাক্কা দেয়। ধাক্কার জোরে টোটোগুলি উল্টে যায়। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পরে কয়েকজনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এই দুর্ঘটনাগুলি পুনরায় সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রশাসনের তরফ থেকে কঠোর নজরদারি ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয়রা।