ফের আদালতের দ্বারস্থ ‘কালীঘাটের কাকু’! আর্জি জানালেন জামিনের মেয়াদ বাড়ানোর

বারবার আদালতে আবেদন জানানো পর অবশেষে গত মাসে কিছুটা স্বস্তি পেয়েছিলেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মামলায় আগেই কিছুটা রেহাই মিলেছিল, সিবিআইয়ের তদন্তেই বারবার বাধার সম্মুখীন হচ্ছিলেন তিনি। তবে গত মাসে প্রাথমিক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্ট তাঁকে শর্তসাপেক্ষ অন্তর্বর্তী জামিন দেয়।

এই অন্তর্বর্তী জামিনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত। হাতে মাত্র দশ দিন বাকি। এরপর তাঁকে ফের হেফাজতে ফিরতে হতে পারে। তাই আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছেন সুজয়কৃষ্ণের আইনজীবী। আগামী সোমবার বিচারপতি অরিজিত ব্যানার্জির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।

সুজয়কৃষ্ণ ভদ্র শুধুমাত্র চিকিৎসার প্রয়োজনে ঘরের বাইরে যেতে পারবেন।তাঁর দু’টি মোবাইল নম্বর সিবিআইয়ের কাছে জমা রাখতে হবে।

সিবিআই তদন্তে তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য বারবার তলব করা হয়েছিল। প্রথম পাঁচবার হাজিরা এড়িয়ে গেলেও ষষ্ঠবার আদালতে যান তিনি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি একাধিকবার হাজিরা এড়ানোর চেষ্টা করেন। তবে শেষমেশ জামিনের পূর্বে আদালতে গিয়ে নমুনা জমা দেন।

এবার আদালত তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াবে কি না, সেটাই দেখার বিষয়।