‘ওকে না পাওয়াটা সত্যিই বড় চ্যালেঞ্জ’, IPL শুরুর আগে বুমরাকে নিয়ে বড় আপডেট MI কোচের

অঙ্ক তো সত্যিই কঠিন— তবে উপায় তো খুঁজে বের করতেই হবে! আইপিএল (IPL) শুরু হতে আর বেশিদিন বাকি নেই। কিন্তু তার আগেই মুম্বই ইন্ডিয়ান্সের জন্য এসেছে এক বড় ধাক্কা। প্রথম ম্যাচে দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া থাকবেন না। গত মরসুমে ৩টি স্লো ওভার রেটের কারণে শাস্তি হিসেবে হার্দিককে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে, আর সেই নিষেধাজ্ঞা পালন করতে হবে এই ২৩ মার্চে, সিএসকে বনাম মুম্বই ম্যাচে। ক্যাপ্টেনের সমস্যা তো রয়েইলো, তবে হার্দিক জানিয়েছেন যে, প্রথম ম্যাচে তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।
এর সাথে আরেকটি বড় চ্যালেঞ্জ মুম্বইয়ের কাছে, তা হলো জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)-র অনুপস্থিতি। এই প্রসঙ্গে মুম্বইয়ের হেড কোচ মাহেলা জয়বর্ধনে জানান, “বুমরা এখন এনসিএতে (জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি) রয়েছে এবং ওর উন্নতি হচ্ছে। তবে আমাদের ওর জন্য অপেক্ষা করতে হবে। কী প্রতিক্রিয়া আসছে সেটাই গুরুত্বপূর্ণ। দিন দিন ও ভালোর দিকে এগোচ্ছে, আশা করি খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবে। তবে ওর অনুপস্থিতি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ, বুমরা বিশ্বসেরা বোলারদের একজন এবং বছরের পর বছর ধরে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অস্ত্র।”
বুমরার পরিবর্তে কাউকে একাদশে জায়গা দেওয়ার বিষয়টি খুবই কঠিন। মাহেলা আরো বলেন, “এখন আমাদের দেখতে হবে, বুমরা না থাকলে অন্য কোন বোলারকে জায়গা দিতে হবে। তবে, আমরা এ বিষয়ে একটা উপায় বের করার চেষ্টা করব। দেখতে হবে, কে কতটা যোগ্য। এভাবেই আমি বিষয়টা দেখতে চাই।”