“মোদির জন্যই ইউক্রেনের যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেনি পুতিন”— দাবি পোল্যান্ড মন্ত্রীর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনের পক্ষে জোরালো বার্তা দিয়ে এসেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন, ভারত নিরপেক্ষ নয়, বরং শান্তির পক্ষে। এবার মোদীর সেই শান্তি প্রচেষ্টার প্রশংসায় পঞ্চমুখ হল পোল্যান্ড।
পোল্যান্ডের উপ-বিদেশমন্ত্রী তথা বিদেশসচিব ওয়াদিসলো তেওফিল বার্তোসজেউস্কি সম্প্রতি মন্তব্য করেছেন যে, মোদীর উদ্যোগেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকে।
বার্তোসজেউস্কির দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছিলেন, তখনই তাঁকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী। মোদী পুতিনকে বোঝান, এটি ভয়াবহ পরিণতি ডেকে আনবে এবং এটি করা উচিত নয়। একইভাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও পুতিনকে ফোন করেন।
তিনি বলেন, “মোদী ও জিনপিংয়ের ফোন পাওয়ার পরই পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত নেন। ফলে এই যুদ্ধে পারমাণবিক হামলা না হওয়ার পিছনে মোদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
ভারত সবসময় কূটনৈতিক সমাধানের পক্ষে থেকেছে। মোদী বারবার বলেছেন, যুদ্ধের সমাধান হতে পারে শুধুমাত্র আলোচনার মাধ্যমে। গত বছর তিনি রাশিয়া ও ইউক্রেন—দুই দেশই সফর করেন। ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক বরাবরই দৃঢ় এবং মোদীর নেতৃত্বে তা আরও মজবুত হয়েছে।
আন্তর্জাতিক শান্তি স্থাপনে ভারতের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। করোনা মহামারির সময় বিশ্বের ১০০টিরও বেশি দেশে ভ্যাকসিন সরবরাহ করা থেকে শুরু করে, তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প পরবর্তী ত্রাণ সহায়তা, এমনকি যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার মতো কাজেও প্রশংসিত হয়েছে ভারত সরকার।
বিশ্বশান্তি রক্ষার ক্ষেত্রে মোদীর নেতৃত্বে ভারত আরও কার্যকর ভূমিকা নেবে, এমনটাই আশা করছে আন্তর্জাতিক মহল।