মদ্যপদের দাপাদাপি থামাতে গিয়ে মাথা ফাটল পুলিশের, শেষ পর্যন্ত নামল RAF! চাঞ্চল্য এলাকা জুড়ে

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সাগরপুর এলাকা রীতিমতো উত্তাল হয়ে উঠল গ্রামের পুজোয় মদ্যপদের তাণ্ডবকে কেন্দ্র করে। পুলিশের হস্তক্ষেপ করতে গিয়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে শেষমেশ নামাতে হয় র‌্যাফ। সংঘর্ষে একাধিক পুলিশকর্মী আহত হয়েছেন, এমনকি এক অফিসারের মাথা ফেটে রক্ত ঝরেছে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই গ্রামে একটি পুজো উপলক্ষে কিছু যুবক মদ্যপান করে বেপরোয়া আচরণ করছিলেন। প্রথমে বিষয়টি তুচ্ছ মনে হলেও, ধীরে ধীরে তা বড় আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের সঙ্গে জনতার বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলাকালীন এক যুবক আটচালার পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশের মারধরেই ওই যুবক আহত হন এবং তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করতে হয়। তবে পুলিশের দাবি, ওই যুবক নিজেই হট্টগোলের মধ্যে পড়ে গিয়ে চোট পান।

এই ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, গ্রামবাসীরা চারদিক থেকে পুলিশকে ঘিরে ধরে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। হঠাৎ করেই উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয় এবং এক পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দেয়। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশ শেষ পর্যন্ত র‌্যাফ মোতায়েন করতে বাধ্য হয়। দ্রুত অভিযান চালিয়ে ১০ জনের বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, আহত পুলিশকর্মীদের স্থানীয় ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই ঘটনায় যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।