“রাষ্ট্রপতির প্রতিশ্রুতি পূরণ হয়েছে’— সুনীতারা ফিরতেই স্পেসএক্স ও নাসাকে ধন্যবান হোয়াইট হাউসের

ভারতে বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সহযাত্রী বুচ উইলমোর অবশেষে পৃথিবীতে ফিরলেন, দীর্ঘ ৯ মাস মহাকাশে আটকে থাকার পর। ভারতীয় সময় বুধবার ভোর ৩টে ২৭ মিনিটে আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে তাঁরা নিরাপদে অবতরণ করেন। তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিল মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী দল।
হোয়াইট হাউস এই ঘটনার পর একটি বিবৃতিতে জানিয়েছে, মহাকাশে আটকে থাকা দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনার বিষয়ে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ হয়েছে। এলন মাস্কের স্পেসএক্স এবং নাসার সহায়তার জন্য তাঁদের ধন্যবাদ জানানো হয়েছে।
২০২৪ সালের জুন মাসে সুনীতা ও বুচ মাত্র ৮ দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) গিয়েছিলেন। কিন্তু তাঁদের মহাকাশযানে সমস্যা দেখা দেওয়ায় তাঁরা প্রায় ৯ মাস ধরে মহাকাশে আটকে ছিলেন। এই সময়ে তাঁরা পৃথিবীকে ৪,৫৭৬ বার প্রদক্ষিণ করেছেন এবং প্রায় ১২১ মিলিয়ন মাইল দূরত্ব অতিক্রম করেছেন।
২০২৫ সালের ২৮ জানুয়ারি ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি এলন মাস্ক ও স্পেসএক্সকে অনুরোধ করেছেন, যেন তাঁরা আটকে পড়া মহাকাশচারীদের নিরাপদে ফিরিয়ে আনেন। এই দেরির জন্য তিনি প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেছিলেন।
উদ্ধার অভিযানের অংশ হিসাবে, স্পেসএক্সের ক্রু-১০ মহাকাশযান রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় এবং সফলভাবে সুনীতা ও বুচকে ফিরিয়ে আনে। তাঁদের সঙ্গে ছিলেন নাসার মহাকাশচারী নিক হগ এবং রুশ নভোচারী আলেকজান্ডার গর্বুনভও।
যদিও তাঁরা পৃথিবীতে ফিরে এসেছেন, তবে তাঁদের পরিবারের সঙ্গে এখনই দেখা করার অনুমতি নেই। কয়েক সপ্তাহের জন্য তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ক্রু-কোয়ার্টারে রাখা হবে, তারপরই পরিবারের সঙ্গে পুনর্মিলন ঘটবে