বাড়ল বোনাস, সরকারি কর্মচারীদের জন্য বড় সিদ্ধান্ত সরকারের, দেখুন কে কত পাবেন?

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের অর্থ দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরে অ্যাড হক বোনাস ও উৎসব অগ্রিমের পরিমাণ বাড়ানো হয়েছে। শারদোৎসব এবং ঈদের আগে এই বাড়তি সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা।
রাজ্যের অর্থ দফতর জানিয়েছে, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত যাঁদের মাসিক বেতন ৪৪ হাজার টাকা বা তার নিচে, তাঁরা এবছর ৬,৮০০ টাকা অ্যাড হক বোনাস পাবেন। গত বছর এই পরিমাণ ছিল ৬,০০০ টাকা এবং বেতনের উর্দ্ধসীমা ছিল ৪২ হাজার টাকা।
অন্যদিকে, যাঁদের মাসিক বেতন ৪৪ হাজার থেকে ৫২ হাজার টাকার মধ্যে, তাঁরা উৎসব অগ্রিম হিসেবে পাবেন ২০,০০০ টাকা। ২০২৪ সালে এই পরিমাণ ছিল ১৮,০০০ টাকা, এবং বেতনের উর্দ্ধসীমা ছিল ৪২ হাজার থেকে ৫০ হাজার টাকা। অর্থাৎ, এবছর ২,০০০ টাকা বেশি উৎসব অগ্রিম পাবেন সরকারি কর্মীরা।
রাজ্য সরকার অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যও উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ৩১ মার্চ ২০২৫-এর মধ্যে যাঁরা অবসর নিয়েছেন বা নিতে চলেছেন, তাঁরা এই উৎসব ভাতা পাবেন।
যাঁদের মাসিক পেনশন ৩৮ হাজার টাকার কম, তাঁরা এবার ৩,৫০০ টাকা উৎসব ভাতা পাবেন। গত বছর এই পরিমাণ ছিল ৩,২০০ টাকা। অর্থাৎ, ৩০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।পেনশনের উর্দ্ধসীমাও বেড়েছে, গত বছর যেখানে তা ছিল ৩৫,০০০ টাকা, এবার তা বাড়িয়ে ৩৮,০০০ টাকা করা হয়েছে।এই সুবিধা রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
সরকারি কর্মচারীদের একাংশের মতে, বোনাস ও উৎসব অগ্রিম বাড়ানো ইতিবাচক পদক্ষেপ হলেও, ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন চলবে। অন্যদিকে, রাজ্য সরকারের মতে, এই অতিরিক্ত সুবিধা কর্মীদের উৎসব উদযাপনে স্বস্তি দেবে।
রাজ্যের এই সিদ্ধান্তে সরকারি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, উৎসবের আগে এই ঘোষণাকে অনেকেই স্বাগত জানিয়েছেন।