‘ভারতে ২০০ কোটির বেশি মুসলিম…’- WAQF-এ বেফাঁস মহুয়া, TMC নেত্রীকে কটাক্ষ BJP-র

ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। সেই বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তবে সেখানেই দেওয়া তাঁর এক বক্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি অভিযোগ করেছে, মহুয়া বলেছেন যে ভারতে ২০০ কোটি মুসলিম রয়েছে, যা পরিসংখ্যানগতভাবে ভুল। বিজেপি নেতারা একে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন।

বিক্ষোভ মঞ্চে মহুয়া বলেন, “কলকাতার কালীঘাট মন্দিরের পরিচালনা কমিটিতে কোনও মুসলিম সদস্য থাকবে কি? বা শিখদের গুরুদ্বার কমিটিতে মুসলিমদের রাখা হবে? তাহলে ওয়াকফ পরিচালনায় কেন অ-মুসলিমদের রাখা হবে?”

এরপরই তিনি বলেন, “আমাদের দেশে ২০০ কোটিরও বেশি মুসলিম আছেন (সম্ভবত ২০ কোটির বেশি বলতে চেয়েছিলেন)। ইন্দোনেশিয়ার পরেই সর্বোচ্চ মুসলিম জনসংখ্যা আমাদের দেশে রয়েছে।”

এই মন্তব্যের পরই বিজেপি মহুয়ার বিরুদ্ধে সরব হয়। বিজেপি নেত্রী কেয়া ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “১৪০ কোটির দেশে ২০০ কোটি মুসলিম! মহুয়া ব্রেকফাস্টে কী খেয়েছিলেন?”

অন্যদিকে, বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি পাল্টা কটাক্ষ করে লেখেন, “তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ডের মাথায় ফিরহাদ হাকিম কেন? মহুয়া আসলে কী খেয়ে এই মন্তব্য করেছেন, সেটাই জানতে চাই!”

ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের বিরোধিতা করেও পাল্টা পথে নামে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তারা মুসলিম সংগঠনের সামনে বসে হনুমান চালিশা পাঠ ও জয় শ্রীরাম স্লোগান দেয়।

বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারী বলেন, “অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কংগ্রেসের বি-টিম হয়ে গেছে। ওয়াকফ আইন দরিদ্র, কৃষক ও দলিতদের অধিকার রক্ষার জন্য। সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাস্তায় পিকেটিং অসাংবিধানিক। আমরা আইনত এই ধরনের বিক্ষোভের মোকাবিলা করব।”

বিজেপি সাংসদ এবং ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪-এর যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল বলেছেন, “ওয়াকফ বিলের বিরুদ্ধে এই ধরনের আন্দোলন সমাজে বিভাজন তৈরি করছে। সংসদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হচ্ছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড তাদের আপত্তি সংসদীয় কমিটির কাছে জানিয়েছে, যা বিবেচনাতেও নেওয়া হয়েছে।”

এই বিতর্কে এখনও পর্যন্ত মহুয়া মৈত্রের তরফে কোনো ব্যাখ্যা আসেনি। তবে ওয়াকফ বিল নিয়ে কেন্দ্র-বিরোধী অবস্থান নিয়ে তৃণমূল যে সরব হতে চলেছে, তা স্পষ্ট।

Saheli Saha
  • Saheli Saha