“রাজনীতিবিদ নয়, লেখিকা হিসেবে আমন্ত্রণ…”- ‘OXFORD বিতর্কে’ নতুন দাবি মমতার সরকারের

শুধু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয়, ব্রিটেনের আরও কয়েকটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। বিরোধীদের প্রশ্নের জবাবে রাজ্য সরকারের তরফে এই তথ্য জানানো হয়েছে। সরকারের দাবি, ব্রিটেনের তিনটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান – লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তন ছাত্রদের সংগঠন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজ মুখ্যমন্ত্রীকে বিশেষ আলোচনাসভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীকে শুধুমাত্র একজন রাজনীতিবিদ হিসেবেই নয়, বরং একজন লেখিকা ও সমাজ সংস্কারক হিসেবেও আমন্ত্রণ জানানো হয়েছে।
গত ১৭ মার্চ গণশক্তি প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যে ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন, তার কোনও আনুষ্ঠানিক নথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে নেই। এই দাবির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সাফাই দিয়ে বলেছে, ফেব্রুয়ারি মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর বাংলার উন্নয়ন মডেলের প্রশংসা করেছিলেন এবং সেই প্রসঙ্গে কেলগ কলেজ থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়।
এছাড়া, মার্চের শুরুতেই লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তন ছাত্রদের তরফে দীপ্তেন্দু রায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান। একইসঙ্গে, কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের মাইল এন্ড ইনস্টিটিউটের ডিরেক্টর সোফিয়া কোল্লিগনন চ্যাথাম হাউসে আয়োজিত আলোচনাসভায় তাঁকে আমন্ত্রণ করেছেন।
সরকারি সূচি অনুযায়ী, ২১ মার্চ কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডনে পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দুবাই সফরে তাঁর নির্দিষ্ট কর্মসূচি এখনও প্রকাশ্যে আসেনি। তৃণমূল কংগ্রেসের দাবি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সমাজ উন্নয়ন: নারী ও শিশুর ক্ষমতায়ন’ বিষয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। তবে গণশক্তি বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় মূলত কেলগ কলেজ ও ব্রিটেনে বসবাসরত গুজরাতি শিল্পপতি করণ বিলিমোরিয়ার আমন্ত্রণে লন্ডনে যাচ্ছেন।
এখন দেখার বিষয়, এই সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কের জবাব কতটা স্পষ্টভাবে দিতে পারে রাজ্য সরকার।