বুড়ো বয়সেও নেই রেহাই! ৭৬-এর লালুকে নিয়োগ-দুর্নীতি মামলায় ED-র তলব

বয়স বাড়লেও দুর্নীতির ‘প্যাঁচ’ থেকে মুক্তি মিলছে না লালু প্রসাদ যাদবের। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি (RJD) প্রধান একাধিকবার দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়েছেন। এবার ৭৬ বছর বয়সেও ফের তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

তদন্ত সংস্থার তরফে জানানো হয়েছে, ‘চাকরির বিনিময়ে জমি’ মামলায় বুধবার ইডি দফতরে হাজিরা দিতে হবে লালুকে। শুধু তিনিই নন, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও পরিবারের অন্যান্য সদস্যদেরও এই মামলায় তলব করা হয়েছে। তদন্তকারীদের লক্ষ্য, তাঁদের বয়ান রেকর্ড করা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা।

এর আগেও দুর্নীতির কারণে একাধিকবার বিতর্কের কেন্দ্রে ছিলেন লালু প্রসাদ যাদব। বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন পশুখাদ্য দুর্নীতিতে নাম জড়ায় তাঁর, যার ফলে জেলও খাটতে হয়েছিল তাঁকে। কিন্তু দুর্নীতির তালিকা এখানেই শেষ নয়।

২০০৪ সালে, মনমোহন সিংহের নেতৃত্বাধীন ইউপিএ সরকারে কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। অভিযোগ, সেই সময় রেলের গ্রুপ-ডি পদে চাকরি দেওয়ার বিনিময়ে কয়েকজন প্রার্থীর কাছ থেকে নামমাত্র মূল্যে জমি নিয়েছিলেন তিনি। সেই মামলায় এবার লালু প্রসাদ, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও পরিবারের অন্যান্য সদস্যদের তলব করেছে ইডি।

সূত্রের খবর, ইডির সমন পাঠালেও, লালু প্রসাদের পরিবার হয়তো হাজিরা এড়িয়ে যেতে পারে। তারা আপাতত তদন্ত সংস্থার প্রশ্নের মুখোমুখি হতে চাইছে না বলেই অনুমান করা হচ্ছে।

উল্লেখ্য, এই মামলায় গত বছরই দিল্লির আদালতে লালুর পরিবারের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। চার্জশিটে লালুর স্ত্রী রাবড়ি দেবী ও কন্যা মিসা ভারতীকেও অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে।

Saheli Saha
  • Saheli Saha