“বউ যখন বাচ্চা”-রুবেল-শ্বেতার আদুরে রোমান্টিক ছবি VIRAL , সোশ্যাল মিডিয়ায়

ছোটপর্দার জনপ্রিয় জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। টেলিভিশনের পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের মন কেড়েছে বহুবার। বেশ কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করার পর সম্প্রতি বিয়ে করেছেন এই জুটি। বিয়ের পরেও স্বামী-স্ত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে ভক্তদের মন জয় করে চলেছেন তাঁরা। এবার শ্বেতার সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করে খোদ অভিনেত্রীকে বিড়ম্বনায় ফেলে দিলেন রুবেল। তবে এই ছবি দেখে নেটিজেনরা বেশ খুশি।
সোমবার স্ত্রী শ্বেতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন রুবেল। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, রুবেলের কোলে বসে রয়েছেন শ্বেতা। খালি গায়ে রুবেল, আর শ্বেতা পরেছেন হালকা বেগুনি রঙের টি-শার্ট। মাথায় সিঁদুর, হাতে শাখা-পলা পরা শ্বেতার মুখে কোনও মেকআপ নেই। বরের গলা জড়িয়ে হাসিমুখে তিনি আরও উজ্জ্বল লাগছিলেন। দ্বিতীয় ছবিতে শ্বেতাকে একা দেখা গেছে। সেখানেও মেকআপ ছাড়াই তিনি নজর কাড়েন। শুধু ঠোঁটে হালকা লিপ টিন্ট আর মুখে প্রাণবন্ত হাসি নিয়ে তিনি যেন আরও মোহময়ী লাগছিলেন। এই ছবি পোস্ট করে রুবেল ক্যাপশনে লেখেন, “বউ যখন বাচ্চা।”
ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। তবে শ্বেতা নিজেও এই ছবিতে কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, “এ বাবা কী বাজে লাগছে আমাকে।” তাঁদের এই মজার আদান-প্রদানে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। প্রসঙ্গত, ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের সেটে প্রথম একে অপরের প্রেমে পড়েন রুবেল ও শ্বেতা। প্রথম দিকে সম্পর্ক লুকিয়ে রাখলেও, পরে তাঁরা খোলামেলাভাবে প্রেমের কথা স্বীকার করেন। গত ১৯ জানুয়ারি বৈদিক রীতিতে মহিলা পুরোহিত নন্দিনীর হাতে বিয়ে হয় তাঁদের।
রুবেল ও শ্বেতা দুজনেই টেলিভিশন জগতের পরিচিত মুখ। ‘যমুনা ঢাকি’র পর শ্বেতা বর্তমানে ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে অভিনয় করছেন। এছাড়াও তিনি দেবের সঙ্গে ‘প্রজাপতি’ সিনেমায় কাজ করেছেন এবং বেশ কিছু ওয়েব সিরিজেও দেখা গেছে তাঁকে। অন্যদিকে, রুবেল ‘যমুনা ঢাকি’র পর ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে সৃজন দত্তের চরিত্রে জনপ্রিয়তা পান। এই সিরিয়াল শেষ হওয়ার পর তিনি বর্তমানে ‘তুই আমার হিরো’ সিরিয়ালে অভিনয় করছেন। স্বামী-স্ত্রী দুজনেরই কেরিয়ার এখন তুঙ্গে।
তাঁদের এই আদুরে মুহূর্ত ও পেশাগত সাফল্য দেখে অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। রুবেল-শ্বেতার জুটি ছোটপর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় হয়ে উঠেছে।