BigNews: গ্রেফতার হলেন অশোক-শান্তিপ্রসাদ, মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে প্রাক্তন দুই উপদেষ্টাকে

নিয়োগ দুর্নীতি মামলায় আজ বিকেলে সিবিআই-এর হাতে গ্রেফতার হন প্রাক্তন দুই উপদেষ্টা অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিনহা। অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিনহাকে এই মুহূর্তে সিবিআইয়ের সদর দফতর সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল টেস্টের জন্য।
সূত্রের খবর, তাঁদের দুজনকে এসএসকেএম-এ নয়, তাঁদের মেডিকেল টেস্ট হতে পারে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে নিয়োগ দুর্নীতির তদন্তে এই প্রথম গ্রেফতারি।
প্রসঙ্গত, দুই প্রাক্তন উপদেষ্টা অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিনহার গ্রেফতারি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এর আগেই নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখার্জিকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে এবার নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই-এর গ্রেফতারির খাতা খুলল।