অপেক্ষার অবসান! উইকেন্ডেই পৃথিবীতে ফিরছে সুনীতা-বুচ, পৌঁছে গেল ইলন মাস্কের মহাকাশযান

ভারতীয় বংশোদ্ভুত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর শীঘ্রই পৃথিবীতে ফিরতে চলেছেন। তাঁরা ন’মাস ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস)-এ আটকে ছিলেন। তাঁদের ফেরাতে স্পেসএক্সের ক্রিউ-১০ মহাকাশযানটি ১৪ মার্চ ফ্যালকন ৯ রকেটে করে উৎক্ষেপিত হয়। শনিবার ভোরে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেটটি ছোঁড়া হয় এবং রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে এটি মহাকাশে পৌঁছায়। নাসা জানায়, পুরো প্রক্রিয়া নিরাপদেই সম্পন্ন হয়েছে, তবে মহাকাশযানের দরজা খুলতে এক ঘণ্টা সময় লাগবে।

প্রসঙ্গত, সুনীতা এবং বুচ আটদিনের মিশনে মহাকাশে গিয়েছিলেন, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে তাঁরা সেখানে আটকে পড়েন। স্পেসএক্সের ক্রিউ-১০ মহাকাশযানে তাঁদের ফিরিয়ে আনতে গেছেন আরও চার মহাকাশচারী: নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের টাকুয়া ওনিশি (জাক্সা), এবং রাশিয়ার কিরিল পেসকভ (রসকসমস)।

সুনীতারা তাঁদের দায়িত্ব হস্তান্তর করে পৃথিবীতে ফিরে আসবেন। পরিকল্পনা অনুযায়ী, ১১টা ১০ মিনিটে মহাকাশযানে ওঠার কথা। তাঁদের সঙ্গে নাসার নভশ্চর নিক হগ এবং রাশিয়ান নভশ্চর আলেকজান্ডার গর্বুনভও ফিরবেন। যদি সবকিছু ঠিক থাকে, বুধবার দুপুর দেড়টা নাগাদ স্পেসএক্স ক্রিউ-১০ মহাকাশযানে চড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবেন তাঁরা।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে বোয়িং স্টারলাইন মহাকাশযানে করে তাঁরা মহাকাশে যান, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ন’মাস সেখানে থাকতে বাধ্য হন। নাসা আশা করছে, আগামী সপ্তাহেই সুনীতারা নিরাপদে পৃথিবীতে ফিরবেন।