পড়ুয়াদের সামনেই টানা ৫০ বার কান ধরে উঠবোস প্রধান শিক্ষকের! নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

পড়ুয়াদের শাস্তি দিতে শিক্ষকরা কান ধরে উঠবোস করাতেন, এমন দৃশ্য সকলের পরিচিত। তবে এবার ঘটল উল্টো। অন্ধ্র প্রদেশের ভিজিয়ানাগ্রামের জেলা পরিষদ হাইস্কুলের প্রধান শিক্ষক চিন্তা রামানা পড়ুয়াদের সামনে ৫০ বার কান ধরে উঠবোস করলেন। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শিক্ষার্থীদের পড়াশোনায় গাফিলতি এবং তাদের প্রতি শিক্ষকদের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার হতাশা থেকেই এমন সিদ্ধান্ত নেন প্রধান শিক্ষক। তিনি বলেন, “আমরা তোমাদের বকতে বা মারতে পারি না। আমাদের হাত বাঁধা। আমরা এত পরিশ্রম করেও তোমাদের পড়াশোনায় কোনও উন্নতি দেখতে পাচ্ছি না। সমস্যাটা কি আমাদের মধ্যে? যদি তোমরা বলো, তবে আমি কান ধরে উঠবোস করতেও রাজি।”

এই কথা বলার পরই তিনি কান ধরে উঠবোস করতে শুরু করেন। শিক্ষার্থীরা তাঁকে থামানোর চেষ্টা করলেও তিনি কারও কথা শোনেননি এবং একটানা ৫০ বার উঠবোস করেন।

প্রধান শিক্ষকের এমন আচরণ দেখে শিক্ষার্থীরাও হতবাক হয়ে যায়। তারা বারবার অনুরোধ করে, “প্লিজ স্যার, এমন করবেন না।” তবুও তিনি নিজের শাস্তি সম্পূর্ণ করেন।

শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ এবং শিক্ষার গুরুত্ব বোঝাতে প্রধান শিক্ষকের এই ব্যতিক্রমী পদক্ষেপ নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। অন্ধ্র প্রদেশের মন্ত্রী নারা লোকেশও প্রধান শিক্ষকের এই আচরণের প্রশংসা করেছেন।

এই ঘটনাটি শিক্ষার গুরুত্ব এবং শিক্ষকের আত্মনিবেদন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে।

Saheli Saha
  • Saheli Saha