“কে আপনাকে মন্ত্রী বানিয়েছে?”- গিরিরাজ সিংয়ের উপর গর্জালো কল্য়াণ, সংসদে উত্তাল পরিস্থিতি!

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি সাংসদ গিরিরাজ সিংয়ের মধ্যে তুমুল বচসা বাঁধে। এ সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে উদ্দেশ্য করে বলেছেন, “কে আপনাকে মন্ত্রী বানিয়েছে?”
প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মনরেগা (MGNREGA) প্রকল্পের তহবিল বন্ধ রাখার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “গত তিন বছর ধরে আমরা ক্রমাগত বলে আসছি যে পশ্চিমবঙ্গের মানুষ মনরেগার টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রীদের জবাব একটাই রয়েছে যে ২৫ লক্ষ টাকার প্রতারণা হয়েছে। আমরাও বারবার বলেছি, আপনারা কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। গ্রেফতার করুন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ২৫ লক্ষ টাকার প্রতারণার অজুহাত দেখিয়ে পশ্চিমবঙ্গের ১০ কোটি মানুষকে বঞ্চিত করতে পারেন না।”
তিনি আরও বলেন, “আপনারা পরিষ্কার বলুন, আপনারা মনরেগা কার্যকর করবেন কি না? যদি দুর্নীতি হয়ে থাকে, তবে আপনারা পদক্ষেপ করছেন না কেন? আপনারা তাই বলে বলতে পারেন না যে…”।
এই পর্যায়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুর চড়ে যায়। তিনি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে উদ্দেশ্য করে বলেন, “গিরিরাজ সিং, আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, আপনি এরকম ব্যবহার করছেন! এটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এটা কি, এরকম করবেন না।”
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল উঠে দাঁড়িয়ে বলেন, “প্রশ্নোত্তর পর্বে শুধু প্রশ্নই করা হোক। উনি কেন বলছেন, আপনাকে কে মন্ত্রী বানিয়েছে?”
এসময় লোকসভার স্পিকার ওম বিড়লা উভয় পক্ষকেই শান্ত থাকার অনুরোধ করেন। তিনি বলেন, “প্রশ্নোত্তর পর্বে ব্যক্তিগত আক্রমণ যেন না করা হয়। শব্দচয়ন যেন সঠিক হয়। কেউ টিপ্পনি কাটলেও, যেন জবাব না দেওয়া হয়।” স্পিকার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি সাংসদ গিরিরাজ সিং উভয়কেই শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন।
এই ঘটনায় সংসদে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে এমন উত্তপ্ত পরিস্থিতি রাজনৈতিক টানাপোড়েনকে আরও বাড়িয়ে তুলেছে।