অভিষেক-কন্যাকে কুরুচিকর মন্তব্য, থানায় ‘অত্যাচার’ করা হয়েছিল! ফের হাইকোর্টের দ্বারস্থ ২তরুণী

আরজিকর কাণ্ডে পুলিশের বিরুদ্ধে দুই তরুণীর অভিযোগে নতুন মোড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যার নামে কুরুচিকর মন্তব্যের অভিযোগে গ্রেফতার হওয়া দুই তরুণী পুনরায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন।
মঙ্গলবার, দুই তরুণী প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে মামলার শুনানির আবেদন জানান। তাঁদের অভিযোগ, পুলিশি হেফাজতে তাঁদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছিল। তাঁরা আদালতের নজরদারিতে বিশেষ তদন্তকারী দল (SIT)-এর মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, মামলাটি প্রথমে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে চলছিল। তবে বিচারপতি বাগচী সুপ্রিম কোর্টে পদোন্নতি পাওয়ায় মামলাকারীরা প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছেন।
উল্লেখ্য, ডায়মন্ড হারবারে একটি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যার নামে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে দুই তরুণীর বিরুদ্ধে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তাঁদের গ্রেফতার করা হয়। অভিযোগ, পুলিশি হেফাজতে তাঁদের বেধড়ক মারধর করা হয়।
প্রথমে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের একক বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তবে রাজ্য সরকারের আপিলের ভিত্তিতে ডিভিশন বেঞ্চও সেই নির্দেশ বহাল রাখে। সুপ্রিম কোর্টে মামলাটি গেলে, হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ স্থগিত করে তিন আইপিএস অফিসারকে নিয়ে SIT গঠন করে। তবে দুই তরুণীর দাবি, সুপ্রিম কোর্টের রায়ে পুলিশি হেফাজতে অত্যাচারের বিষয়টি উল্লেখ করা হয়নি।
এখন দেখার, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এই বিষয়ে কী সিদ্ধান্ত নেন।