ICU- থেকে সোজা সংসদে সৌগত, EPIC ইস্যুতে উত্তাল সংসদ, “আমি খুব খুশি..”-বললেন সাংসদ

ভোটার তালিকা সংক্রান্ত এপিক (EPIC) ইস্যুতে আজও উত্তাল হল সংসদ। বিরোধীদের দাবির মুখে রাজ্যসভা ও লোকসভায় একাধিকবার বাধার সৃষ্টি হয়। গতকালই এই ইস্যুতে তৃণমূল সাংসদ সৌগত রায় সরব হয়েছিলেন। তবে সংসদের দ্বিতীয়ার্ধ্বে তিনি অসুস্থ হয়ে পড়েন, যার ফলে তাঁকে রামমনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর আজ আবার সংসদে ফেরেন তিনি।

সরকার এপিক সংক্রান্ত আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় সংসদে প্রতিবাদে ফেটে পড়ে বিরোধীরা। রাজ্যসভায় তৃণমূল ও বিজেডি সাংসদরা তীব্র প্রতিবাদ জানান। পরে তাঁদের সঙ্গে যোগ দেন অন্যান্য বিরোধী দলের সাংসদরাও। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তৃণমূল ও বিজেডি সাংসদরা ওয়াকআউট করেন।

সংসদ থেকে বেরিয়ে এসে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন—“একই EPIC নম্বরে একাধিক ভোটার কীভাবে থাকতে পারে? এই প্রশ্ন তুলতেই আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম। কমিশন আমাদের জানিয়েছে, বিষয়টি তিন মাসের মধ্যে সংশোধন করা হবে। কিন্তু এর সংখ্যা কত, সেই তথ্য সরকার জানাতে চায় না। তাই আমরা সংসদে আলোচনা চেয়েছিলাম। কিন্তু আমাদের দাবি খারিজ করা হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন,”অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভোট কারচুপি করতে চাইছে কেন্দ্র। গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দিচ্ছে বিজেপি সরকার। তবে আমরা সংসদের ভেতরে ও বাইরে এর বিরুদ্ধে জনমত গড়ে তুলব।”

আজ ফের সংসদে উপস্থিত হয়ে সৌগত রায় এএনআইকে বলেন—“আমি খুব খুশি যে কংগ্রেসও এই ইস্যুতে সরব হয়েছে। ভোটার তালিকায় গুরুতর সমস্যা রয়েছে, যা সংশোধন করা দরকার।”

এদিকে লোকসভায় ডিএমকে সাংসদদের প্রতিবাদে তুমুল বিতর্ক শুরু হয়। হিন্দি চাপানোর অভিযোগ তুলে তাঁরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ক্ষমাপ্রার্থনার দাবি জানান। কিছুদিন আগেই তিনি তামিলদের নিয়ে মন্তব্য করেছিলেন, যদিও পরে তা ফিরিয়ে নেন। কিন্তু ডিএমকের দাবি, তিনি সংসদে ক্ষমা চান।

ডিএমকের এই দাবিকে সমর্থন করে তৃণমূল সাংসদরাও লোকসভা ত্যাগ করেন।

এপিক ইস্যু থেকে শুরু করে জাতীয় শিক্ষা নীতি ও ভোটার তালিকা সংক্রান্ত অনিয়মের অভিযোগ—সবকিছু নিয়ে বিরোধীরা একজোট হয়ে সরব হয়েছেন। সংসদে বারবার বাধা সৃষ্টি হওয়ায় কার্যত কাজকর্ম ব্যাহত হচ্ছে। তবে বিরোধীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন চলবে।

Saheli Saha
  • Saheli Saha