বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ গ্রেফতার হলেন দালাল , ১৪ দিনের পুলিশি হেফাজত

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে চলমান উত্তেজনার মধ্যেই নদিয়ার হাঁসখালিতে গ্রেফতার করা হল আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তার সঙ্গে জড়িত এক ভারতীয় দালালকে। ধৃতদের বৃহস্পতিবার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়েছে।
পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী মান্নান মণ্ডল এবং ভারতীয় দালাল আরাফাত মণ্ডল। মান্নান মণ্ডলের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, হাঁসখালি থানা এলাকার বাসিন্দা আরাফাত মণ্ডল পাসপোর্ট ও ভিসা ছাড়াই মান্নানকে ভারতে প্রবেশে সহায়তা করেছিল। বুধবার রাতে গোপন সূত্র থেকে খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ অভিযান শুরু করে।
প্রথমে দালাল চক্রের সঙ্গে জড়িত আরাফাত মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মান্নান মণ্ডলকে আটক করা হয়। বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক বাংলাদেশি অনুপ্রবেশকারী মান্নানকে ১৪ দিনের জেল হেফাজত এবং দালাল আরাফাতকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
নদিয়া জেলায় এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তাদের সহায়তাকারী দালালদের গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি বাংলাদেশে অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও নদিয়া থেকে অনুপ্রবেশকারী ও দালালদের গ্রেফতারের ঘটনা ঘটেছে। চলতি মাসেই অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে চারজন বাংলাদেশি এবং তাদের সহায়তাকারী দুজন ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে।
সীমান্তে কড়া নজরদারি সত্ত্বেও এ ধরনের ঘটনা অব্যাহত থাকায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। পুলিশ জানিয়েছে, অনুপ্রবেশকারীদের ধরতে এবং দালাল চক্রের মূল হোতাদের চিহ্নিত করতে তদন্ত চলছে। এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।