ভারতীয় শ্রমিকদের পাসপোর্ট কেড়ে নিয়ে আটক! পশ্চিম তীর থেকে দশ নিখোঁজ শ্রমিককে উদ্ধার করল ইজরায়েল

ইজরায়েল পশ্চিম তীরের একটি গ্রাম থেকে উদ্ধার করল দশজন ভারতীয় নির্মাণ শ্রমিককে। সূত্রের খবর, শ্রমিকদের পশ্চিম তীরের আল-জায়েম গ্রামে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁদের পাসপোর্ট কেড়ে এক মাসেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়। ওয়াইনেটনিউজ নামক একটি নিউজ পোর্টাল জানাচ্ছে, ইজরায়েল সেনাবাহিনী সন্দেহভাজন কিছু ব্যক্তিকে চেকপয়েন্টে আটক করার পর রাতভর অভিযান চালিয়ে শ্রমিকদের উদ্ধার করে। যদিও এই ঘটনা এখনও তদন্তাধীন, তবে ভারতের দূতাবাস ইতিমধ্যে ইজরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের নিরাপত্তা এবং সুস্থতার বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছে।

ইজরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, প্যালেস্টাইনিরা প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের পশ্চিম তীরের ওই গ্রামে নিয়ে আসে এবং তাঁদের পাসপোর্ট কেড়ে নিয়ে ইজরায়েলে প্রবেশের চেষ্টা করেছিল।