OMG! দিঘার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, ২৭ বছরের বাইক আরোহীকেপিষে দিল লরি

পূর্ব মেদিনীপুরের হেড়িয়ায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মোটরবাইক আরোহী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইকের আরেক আরোহী। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ নন্দকুমার-দিঘা ১১৬ নম্বর জাতীয় সড়কে।
পুলিশ সূত্রে জানা গেছে, কৃষ্ণনগর থেকে হেড়িয়ার দিকে যাচ্ছিলেন শুভঙ্কর চণ্ডি (২৭) এবং তাঁর বন্ধু শঙ্করপ্রসাদ দলুই। দু’জনের বাড়ি কৃষ্ণনগর এলাকায়। মোটরবাইকটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। এ সময় পিছন থেকে আসা একটি লরি বাইকটিকে ধাক্কা দেয়। ফলে শঙ্করপ্রসাদ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনায় বাইক থেকে ছিটকে পড়েন শঙ্করপ্রসাদ এবং তাঁর পিছনে থাকা শুভঙ্কর। দু’জনেই গুরুতরভাবে আহত হন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে হেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁদের তমলুক মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকরা শুভঙ্করকে মৃত বলে ঘোষণা করেন। শঙ্করপ্রসাদ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, তবে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজের সাহায্যে দুর্ঘটনায় জড়িত লরিটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। শুভঙ্করের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই দুর্ঘটনার পর বৃহস্পতিবার রাতে জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। ওই সময়ে সড়কে পণ্যবাহী লরির চাপ বেশি থাকে। পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করে বেশ কিছুক্ষণের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ ও দায়ীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।