“I AM SORRY”- স্টেশনের শৌচালয়ে ছড়িয়ে রক্ত, পাশেই পড়ে যুবতী অচৈতন্য দেহ! তদন্তে পুলিশ

দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে বৃহস্পতিবার সকালে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। মহিলা শৌচালয়ের ভেতর থেকে উদ্ধার করা হল এক রক্তাক্ত যুবতীকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্টেশনে।

জিআরপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ এক অজ্ঞাতপরিচয় যুবতী (প্রায় ১৮ বছর বয়সী) স্টেশনের মহিলা শৌচালয়ে প্রবেশ করেন। তিনি একটি কিউবিকলে ঢোকার পর দীর্ঘ সময় কেটে গেলেও বের হননি।

প্রায় এক ঘণ্টা পরেও যখন কোনও সাড়া পাওয়া যায়নি, তখন শৌচালয়ের এক সাফাইকর্মী বিষয়টি রেল পুলিশের কাছে জানান। পরে জিআরপি আধিকারিকরা ঘটনাস্থলে এসে দরজা ধাক্কাতে থাকেন। কোনও সাড়া না পেয়ে কিউবিকলের উপর দিয়ে উঁকি দিয়ে দেখা যায় মেঝেতে ছড়িয়ে রয়েছে রক্ত, এবং যুবতী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। আরও ভয়াবহ বিষয় ছিল— যুবতীর পাশেই রক্ত দিয়ে লেখা ছিল, “I AM SORRY”।

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে যুবতী আইসিসিইউ-তে চিকিৎসাধীন। তবে তিনি কথা বলার মতো অবস্থায় নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবতী নিজেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু ঠিক কী কারণে তিনি এমন চরম পদক্ষেপ নিলেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাটি আত্মহত্যার চেষ্টা, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, সে দিকটিও খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনায় গোটা স্টেশনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রেল পুলিশের পক্ষ থেকে স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যাতে যুবতীর গতিবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।