‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়ালেন কিয়ারা, বলিউডে নয়া গুঞ্জন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি ২০১৯ সালে ‘কবির সিং’ ও কমেডি ড্রামা ‘গুড নিউজ’-এর মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন। চলতি বছরের মাঝামাঝি সময়ে ফারহান আখতার পরিচালিত ‘ডন থ্রি’-এর শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। তবে সর্বশেষ খবরে জানা গেছে, ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন এই অভিনেত্রী। যদিও কিয়ারার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ভারতীয় গণমাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, কিয়ারার এই সিদ্ধান্তের পেছনে কোনো অভিনেতা, পরিচালক বা প্রযোজকের সঙ্গে মতবিরোধের কারণ নেই। বরং ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়ই এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগে কিয়ারা ও তাঁর স্বামী সিদ্ধার্থ মালহোত্রা সামাজিক মাধ্যমে একটি যৌথ পোস্টে জানিয়েছেন যে, কিয়ারা মা হতে চলেছেন। এই সুখবর তাঁদের ভক্তদের মধ্যে উৎসাহ ছড়ালেও ‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত অনেকের কাছেই অপ্রত্যাশিত।
অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও কিয়ারা কাজ থেকে এখনই বিরতি নিচ্ছেন না। সম্প্রতি তিনি যশ-এর সঙ্গে ‘টক্সিক’ ছবির শুটিং শেষ করেছেন। এই মুহূর্তে তিনি ব্যস্ত রয়েছেন ‘ওয়ার টু’-এর কাজে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন হৃতিক রোশান ও জুনিয়র এনটিআর। কিয়ারার এই কর্মব্যস্ততা প্রমাণ করে যে, মাতৃত্বের প্রস্তুতির মধ্যেও তিনি পেশাদার জীবনে সমানভাবে মনোযোগী।
‘ডন থ্রি’ থেকে তাঁর সরে দাঁড়ানোর খবরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাঁর ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ কেউ ‘ডন’ সিরিজে তাঁকে দেখতে না পাওয়ায় হতাশ। এখন দেখার বিষয়, এই ছবিতে কিয়ারার জায়গায় কাকে দেখা যায় এবং তাঁর আসন্ন প্রকল্পগুলো কীভাবে এগিয়ে যায়।