“ভারত অসাধারণ টিম, তবে ফাইনালে….”- আর যা বললেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক

রবিবার দুবাইতে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, যা ক্রিকেট বিশ্বের অন্যতম জমজমাট লড়াই হতে চলেছে। দুই দলই টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছে, আর সেই কারণে এই মেগা ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। ফাইনালের আগে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন ভারতকে একটি “অসাধারণ দল” বলে প্রশংসা করেছেন, তবে তিনি বলছেন যে ফাইনালে যে কোনও কিছু ঘটতে পারে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করা উইলিয়ামসন ভারত বিরুদ্ধেও ভাল পারফর্ম করতে মুখিয়ে আছেন। ফাইনালের আগে তিনি জানান, “ভারত সত্যিই অসাধারণ একটি দল এবং তারা দারুণ ক্রিকেট খেলছে। তবে ফাইনালে যেহেতু বড় ম্যাচ, সেখানে কিছুই অনুমান করা যায় না। শেষ ম্যাচ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছি এবং আশা করছি ফাইনালও জমে উঠবে।”
নিউজিল্যান্ডের ফাইনালে পৌঁছানোর পর দলের মধ্যে উদযাপন চলছে, তবে উইলিয়ামসন সতর্ক করে দিয়ে বলেন, “আমরা সেলিব্রেশন করছি, তবে আমাদের ফাইনাল ম্যাচের জন্য ফোকাসও করতে হবে। ফাইনাল খেলা আমাদের জন্য একটি দারুণ সুযোগ।”
এই সময় উইলিয়ামসন তার দলের তরুণ তুর্কি রাচিন রবীন্দ্রকে নিয়েও প্রশংসা করেছেন। ওয়ানডেতে রাচিন ইতিমধ্যে পাঁচটি সেঞ্চুরি করেছেন, যার মধ্যে দুটি চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। উইলিয়ামসন রাচিনের বিষয়ে বলেন, “রাচিন সত্যিই অসাধারণ এবং অবিশ্বাস্য প্রতিভা। ওর সঙ্গে ব্যাটিং করতে সব সময় ভালো লাগে। রাচিন সবসময় দলকে প্রথমে রাখে এবং স্বাধীনভাবে খেলে।”
এখন সব নজর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে এই ম্যাচটি একেবারে ইতিহাস সৃষ্টিকারী হতে পারে, এবং ক্রিকেট বিশ্বের অপেক্ষা আরও তীব্র হয়ে উঠেছে।