“জিম্বাবুয়ে হওয়ার পথে বাংলাদেশ”-চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায় নিশ্চিত বাংলাদেশের

ভারতের বিপক্ষে পরাজয়ের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ভীষণ প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু ‘ডু অর ডাই’ ম্যাচেও বদলায়নি পুরনো চিত্র। সোমবার নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে এক ম্যাচ বাকি থাকতেই আসর থেকে ছিটকে গেলো বাংলাদেশ।
শুধু বাংলাদেশই নয়, এই হারের ফলে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে আয়োজক পাকিস্তানও। গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো দুই দলকে। অন্যদিকে, ভারত ও নিউজিল্যান্ড নিশ্চিত করেছে শেষ চারের টিকিট।
সমালোচনার মুখে বাংলাদেশ ও পাকিস্তান
বাংলাদেশের বিদায় নিশ্চিত হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবির সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ। সদ্য সমাপ্ত বিপিএলেও কাজ করা এই বিশ্লেষকের মন্তব্যে ফুটে উঠেছে হতাশা।
তিনি লিখেছেন, “বাংলাদেশ ও পাকিস্তান একই পথের পথিক এবং তারা জিম্বাবুয়ের মতো দল হওয়ার দিকেই এগোচ্ছে।”
তার মতে, দল নির্বাচন, ব্যবস্থাপনা, মেধার অভাব ও জবাবদিহিতার সংকট দুই দলেরই অবনমনের কারণ হয়ে দাঁড়িয়েছে।
টানা ব্যর্থতার বৃত্তে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ নয়। টেস্ট ও টি-টোয়েন্টিতে বরাবরই দুর্বল দলটি একদিনের ক্রিকেটেও হারিয়ে ফেলছে পুরনো ধার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশের লজ্জা, তারও আগে আফগানিস্তানের কাছে সিরিজ হার—সব মিলিয়ে ৬ ম্যাচের টানা পরাজয়ে ডুবে আছে শান্তর দল।
পাকিস্তানের পতনও অব্যাহত
একসময় চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাজয়ী দল পাকিস্তানও দিন দিন পিছিয়ে পড়ছে। ২০১৭ সালে এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বৈশ্বিক টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স নিম্নমুখী। দলে তরুণ প্রতিভার অভাব, দুর্বল ম্যানেজমেন্ট, এবং ভুল সিদ্ধান্ত গ্রহণের কারণে এই অবস্থা বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
জিম্বাবুয়ের পথে দুই দল?
মহসিন শেখ তার পোস্টে স্পষ্ট করেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের বর্তমান অবস্থা অনেকটা জিম্বাবুয়ের অতীতের সঙ্গে মিলে যায়। একসময় অ্যান্ডি ফ্লাওয়ার, হিথ স্ট্রিকদের নিয়ে জিম্বাবুয়ে বিশ্ব ক্রিকেটের বড় দলগুলোর জন্য হুমকি হয়ে উঠেছিল। কিন্তু প্রশাসনিক দুর্বলতা, খেলোয়াড় সংকট এবং ঘরোয়া ক্রিকেটের বিপর্যয়ের কারণে সেই জৌলুশ হারিয়েছে তারা।
বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক অবস্থা দেখে অনেকেই আশঙ্কা করছেন, দুই দলও হয়তো ধীরে ধীরে একই পরিণতির দিকে এগোচ্ছে। এখন দেখার বিষয়, তারা ঘুরে দাঁড়ানোর জন্য কী ধরনের পদক্ষেপ নেয়, নাকি সত্যিই ক্রিকেট বিশ্বে অতীতের স্মৃতি হয়েই থেকে যাবে!