“তিন বছর পর বড় পর্দায় ‘কাকাবাবু’:-ফিরছে সৃজিত মুখার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জির জুটি

সৃজিত মুখার্জি ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে দর্শক এর আগে তিনটি কাকাবাবু ছবির সাক্ষী হয়েছেন। এবার প্রায় তিন বছর পর আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় এই চরিত্র। এবারও কাকাবাবুর ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎকে, তবে পরিবর্তন এসেছে সন্তুর চরিত্রে এবং পরিচালকের আসনে।

শুক্রবার প্রযোজনা সংস্থা এসভিএফ-এর অফিসে জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে নতুন ছবির ঘোষণা দেওয়া হয়। ছবিটির পরিচালনা করছেন চন্দ্রাশিস রায়, যিনি এর আগে প্রসেনজিৎকে নিয়ে ‘নিরন্তর’ তৈরি করেছিলেন। এবার তার নতুন চ্যালেঞ্জ কাকাবাবুর নতুন অ্যাডভেঞ্চার ‘বিজয়নগরের হিরে’।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল প্রথম কাকাবাবু-চলচ্চিত্র ‘মিশর রহস্য’, এরপর ২০১৭ সালে ‘ইয়েতি অভিযান’ এবং ২০২২ সালে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। তিনটি ছবিতেই সন্তুর চরিত্রে অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক। তবে এবার এই চরিত্রে দেখা যাবে অর্ঘ্য বসুরায়কে। ছবিতে আরও অভিনয় করছেন সত্যম ভট্টাচার্য।

সৃজিতের পর চন্দ্রাশিসের পরিচালনায় নতুন রূপ পেতে চলেছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি। নতুন পরিচালকের হাত ধরে এই সিরিজ কী চমক নিয়ে আসে, তা জানার অপেক্ষায় রয়েছেন দর্শক। বর্তমানে নির্মাতারা ছবির অন্যান্য চরিত্রের জন্য অভিনেতা নির্বাচন করছেন।