GPay-র মাধ্যমে ইলেকট্রিক, গ্যাসের বিল পেমেন্টে লাগছে অতিরিক্ত ফি, ক্ষোভ ব্যবহারকারীদের

ডিজিটাল যুগে ভারতে ইউপিআই-এর মাধ্যমে লেনদেন এখন অপরিহার্য হয়ে উঠেছে। ফোনপে, গুগলপে-র মতো জনপ্রিয় অ্যাপগুলি ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। মোবাইল রিচার্জ থেকে শুরু করে গ্যাস, বিদ্যুৎ বিল পরিশোধ—সবই এখন এই অ্যাপগুলির মাধ্যমে সহজে করা যায়। তবে সম্প্রতি এই পরিষেবাগুলিতে নতুন করে ‘কনভেনিয়েন্স ফি’ চালু করেছে অ্যাপগুলি। আগে ফোনপে এবং পেটিএম এই ফি নেওয়া শুরু করলেও, এখন গুগলপেও বিল পেমেন্টে অতিরিক্ত চার্জ ধার্য করছে।

ফোনপে এবং গুগলপে-র মাধ্যমে মোবাইল রিচার্জ করতে ইতিমধ্যেই ৩ টাকা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছিল। এবার গুগলপে বিল পেমেন্টের জন্যও ‘কনভেনিয়েন্স ফি’ চালু করেছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গুগলপে-তে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট করলে ০.৫ শতাংশ থেকে ১ শতাংশ পর্যন্ত চার্জ দিতে হচ্ছে। এই চার্জের উপর আরও যোগ হচ্ছে জিএসটি। উদাহরণস্বরূপ, একজন ব্যবহারকারী জানিয়েছেন, ক্রেডিট কার্ড ব্যবহার করে গুগলপে-র মাধ্যমে বিদ্যুৎ বিল পেমেন্ট করতে গেলে প্রায় ১৫ টাকা বেশি খরচ হচ্ছে।

যদিও গুগলপে এখনও পর্যন্ত বিল পেমেন্টে এই অতিরিক্ত ফি ধার্য করার বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফি চালু করার আগে সংস্থার তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও করা হয়নি। তবে ফোনপে এবং পেটিএম আগে থেকেই এই ধরনের ফি নেওয়া শুরু করায়, গুগলপেও সেই পথ অনুসরণ করছে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ফি ধার্যের মাধ্যমে লেনদেনের খরচ গ্রাহকদের কাঁধেই চাপানো হচ্ছে। উল্লেখ্য, গুগলপে দেশের সবচেয়ে বড় ইউপিআই লেনদেন অ্যাপ। দেশের মোট ইউপিআই লেনদেনের প্রায় ৩৭ শতাংশই হয় গুগলপে-র মাধ্যমে। এর পরেই রয়েছে ফোনপে।

এই নতুন চার্জ ব্যবস্থা ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, ডিজিটাল লেনদেনের সুবিধা বাড়লেও অতিরিক্ত ফি ব্যবহারকারীদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়াচ্ছে।